১৮ জুলাই উত্তরবঙ্গে হাইভোল্টেজ বৈঠক! সীমান্ত সুরক্ষায় বড় সিদ্ধান্ত নিতে পারেন অমিত শাহ

ভারত-বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সীমান্তবর্তী এলাকার সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আগামী ১৮ জুলাই উত্তরবঙ্গে একটি বিশেষ উচ্চপর্যায়ের বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, ১৭ জুলাই রাতে রাজ্যে এসে পৌঁছাবেন তিনি। শিলিগুড়ির ‘উত্তরকন্যা’-য় এই গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠকের মূল আলোচ্য বিষয়:
সীমান্ত সুরক্ষা, বিএসএফ আউটপোস্টের সংখ্যা বৃদ্ধি এবং সীমান্তবর্তী অপরাধ দমনে বিশেষ রণকৌশল তৈরি করাই এই বৈঠকের মূল লক্ষ্য। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এছাড়া, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-সহ কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের প্রতিনিধি এবং সীমান্তবর্তী জেলাগুলির জেলাশাসক ও পুলিশ সুপারদেরও বৈঠকে ডাকা হয়েছে।

সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ:
সীমান্ত নিরাপত্তা ইস্যুতে রাজ্য সরকারও বিশেষ তৎপরতা দেখাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ-এর হাতে ১,০২৪.৭৫ একর জমি হস্তান্তর করেছে। এই জমিতে ১৭২.৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ করা হবে। সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

পরিদর্শনে বিএসএফ ডিজি:
সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় সম্প্রতি সুন্দরবনের গভীর উপকূলীয় অঞ্চলে গিয়েছিলাম বিএসএফ-এর ডিজি প্রবীণ কুমার। সেখানে তিনি নির্মাণাধীন বেড়ার কাজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগমূলক বৈঠকে অংশ নেন। বিএসএফ এবং সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর এবং উচ্চপর্যায়ের বৈঠককে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলিতে চোরাচালান ও অনুপ্রবেশ রুখতে এই বৈঠক থেকে কোনো বিশেষ নির্দেশিকা আসে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *