ফের চালু হতে চলেছে মৈত্রী এক্সপ্রেস! কলকাতা-ঢাকা রুটে ট্রেন নিয়ে বড় আপডেট জানাল রেল

দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে ফের কলকাতা ও ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু করার সম্ভাবনা জোরালো হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে ট্রেন পরিষেবা পুনরায় শুরু করার আবেদন জানানো হয়েছে, যা নিয়ে বর্তমানে তুঙ্গে রয়েছে জল্পনা।
ঢাকার আবেদন ও তৎপরতা:
সূত্রের খবর, ঢাকায় অবস্থিত ভারতের হাই কমিশনের মাধ্যমে বিদেশ ও রেলমন্ত্রকের কাছে এই আবেদনপত্র পৌঁছায়। চিঠিতে বলা হয়েছে, বর্তমানে দুই দেশের পরিস্থিতির উন্নতি হয়েছে, তাই সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালু করা জরুরি। রেলমন্ত্রকের ট্রাফিক ট্রান্সপোর্ট (এফ) এক্সিকিউটিভ ডিরেক্টরের তরফে ইতিমধ্যে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি (নম্বর–2026/TT-VI/71/BDR/03) দিয়ে এই পরিষেবা শুরুর বিষয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বন্ধ ছিল প্রায় দু’বছর:
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই থেকে নিরাপত্তার কারণে মৈত্রী এক্সপ্রেস পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে বেশ কিছুটা শীতলতা তৈরি হয়েছিল এবং সীমান্ত পারাপারেও কড়াকড়ি করা হয়েছিল। তবে সম্প্রতি ভারত সরকার বাংলাদেশিদের জন্য পর্যটনসহ বিভিন্ন ধরনের ভিসা চালু করায় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
সরকারের পরবর্তী পদক্ষেপ:
তারেক রহমানের সরকারের আমলে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালু করার বিষয়টি এখন অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে ভারত। জানা গেছে, ভারতের রেলমন্ত্রক, বিদেশমন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রক যৌথভাবে বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে। সব কিছু ঠিক থাকলে দ্রুতই আবারও কলকাতা স্টেশন থেকে ঢাকা পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসের হুইসেল শোনা যেতে পারে।
যাত্রীদের দীর্ঘদিনের এই প্রতীক্ষা কবে শেষ হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে দুই দেশের সাধারণ মানুষ।