রথের জিবে গজা বানান বাড়িতেই, জেনেনিন রথযাত্রা স্পেশাল রেসিপি

উৎসবের মরসুম মানেই ভুরিভোজ। রথযাত্রা মানেই রাস্তার ধারের মেলা, আর সেই মেলার অন্যতম আকর্ষণ হলো মুচমুচে জিভে গজা বা খাজা। কিন্তু বাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে এই রথযাত্রায় বাড়িতেই বানিয়ে ফেলুন রসালো জিভে গজা। ছোট-বড় সবার মন জয় করতে এর জুড়ি নেই।

প্রয়োজনীয় উপকরণ:

ময়দা: ৩০০ গ্রাম

ঘি: ৪ টেবিল চামচ

চিনি: স্বাদমতো (চিনির গুঁড়ো ও রস তৈরির জন্য)

সাদা তেল: ভাজার জন্য

নুন: সামান্য

এলাচ: ৩-৪টি (থেঁতো করা)

জিভে গজা তৈরির সহজ পদ্ধতি:

১. ময়দা মাখা: ময়দায় সামান্য নুন ও ঘি মিশিয়ে ভালো করে ময়ান দিয়ে মাখুন। এমনভাবে মাখবেন যেন মুঠো করলে দলা পাকিয়ে যায়। এরপর মন্ডটি কিছুক্ষণ ঢেকে রাখুন।

২. লেয়ার তৈরি: মন্ডটি তিনভাগে ভাগ করে মোট ৯টি বড় রুটি বেলে নিন। এবার ময়দা, ঘি ও জল দিয়ে একটি ঘন মিশ্রণ বা ব্যাটার তৈরি করুন। এক একটি রুটির ওপর সামান্য মিশ্রণ ছড়িয়ে তার ওপর আরেকটি রুটি রাখুন। এভাবে তিন স্তরের রুটি তৈরি করে রোল বানান। খেয়াল রাখবেন যাতে রোলের ভেতরে হাওয়া না ঢোকে।

৩. আকার দেওয়া: রোল করা ময়দাটিকে আধ ইঞ্চি মাপের টুকরো করে কেটে নিন। প্রতিটি টুকরো হাত দিয়ে চেপে খাজার আকার দিন। অথবা ছোট লেচি বেলে কাটা চামচ দিয়ে ফুটো করে নিতে পারেন।

৪. ভাজা: কড়াইতে ডুবো তেল দিয়ে কম আঁচে প্রতিটি গজা গাঢ় বাদামী করে ভেজে তুলুন। টিস্যু পেপারে রেখে অতিরিক্ত তেল শুষে নিন।

৫. চিনির রস: চিনি, এলাচ ও জল দিয়ে ঘন রস তৈরি করুন। আঙুলে নিয়ে দেখুন এক তারের মতো আঠালো হয়েছে কিনা।

৬. সর্বশেষ ধাপ: ভাজা গজাগুলো সামান্য ঠান্ডা হলে চিনির রসে ডুবিয়ে তুলে নিন।

আপনার জিভে গজা তৈরি! বায়ুরোধী পাত্রে রাখলে এই মিষ্টি ২-৩ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। রথযাত্রার দিনে অতিথি আপ্যায়নে বা প্রিয়জনকে উপহার হিসেবে এই মিষ্টির জুড়ি নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *