‘আপনি ভাঁড়, হতাশায় ভুগছেন!’ নাসিরুদ্দিন শাহকে তুলোধোনা অনুপম খেরের, তুঙ্গে বিবাদ

বিনোদন জগতে ফের প্রকাশ্যে দুই কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবং অনুপম খেরের সংঘাত। হিন্দু ধর্ম নিয়ে অনুপম খেরের সাম্প্রতিক অবস্থান ও মন্তব্যের প্রেক্ষিতে নাসিরুদ্দিন শাহ তাঁকে ‘চাটুকার’ ও ‘ভাঁড়’ বলে তীব্র আক্রমণ করেন। এর পাল্টা জবাব দিতে গিয়ে অনুপম খের নাসিরুদ্দিন শাহের ব্যক্তিগত অভ্যাস ও মানসিক অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
যা বলেছিলেন নাসিরুদ্দিন শাহ
সম্প্রতি এক ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ অনুপম খেরকে আক্রমণ করে বলেন, “অনুপম খের একজন তোষামোদকারী (Sycophant)। এনএসডি (NSD) ও এফটিআইআই (FTII)-তে তাঁর সমসাময়িকরা জানেন তাঁর এই চাটুকার স্বভাব রক্তে মিশে আছে। তাঁকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, কারণ তিনি একজন ভাঁড়।”
অনুপম খেরের পাল্টা জবাব
নাসিরুদ্দিনের এই মন্তব্যের প্রেক্ষিতে একটি ভিডিও বার্তায় অনুপম খের বলেন, “জনাব নাসিরুদ্দিন শাহ, আপনি আমার সম্পর্কে যা বলেছেন তা আমি শুনেছি। আমাকে ‘ভাঁড়’ ও ‘সাইকো’ বলার জন্য আপনাকে ধন্যবাদ। আমিও আপনার কথাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি না।”
অনুপম খের আরও বলেন, “আপনি এত বড় অভিনেতা হওয়া সত্ত্বেও সারাজীবন হতাশার মধ্যে কাটিয়েছেন। দিলীপ কুমার থেকে শুরু করে অমিতাভ বচ্চন, শাহরুখ খান বা বিরাট কোহলি—কাউকেই আপনি ছাড়েননি। আপনার এই সমালোচনার মানসিকতাকে আমি ইতিবাচকভাবেই দেখছি।”
নাসিরুদ্দিনের নেশা করার অভ্যাসের দিকে ইঙ্গিত করে অনুপম খের বলেন, “আপনার কথাকে কেউই গুরুত্ব দেয় না। কারণ, দীর্ঘদিনের নেশার ফলে কোনটা সঠিক আর কোনটা ভুল, সেই বিচারবুদ্ধি আপনি হারিয়ে ফেলেছেন।”
‘রক্তে হিন্দুস্থান’
ভিডিওর শেষভাগে অনুপম খের সুর চড়িয়ে বলেন, “আপনি আমাকে অনেক কিছু বলেছেন, কিন্তু জেনে রাখুন, আমার শরীরে বইছে হিন্দুস্তানের রক্ত। এটাই শেষ কথা।” পরিশেষে, নাসিরুদ্দিন শাহের মানসিক সুস্থতা ও শুভবুদ্ধির উদয় কামনা করে নিজের বার্তা শেষ করেন অনুপম খের।
উল্লেখ্য, এর আগে ইমতিয়াজ এবং শশী রঞ্জনের মতো ব্যক্তিদের নিয়ে সাম্প্রতিক মন্তব্যের জেরেও শিরোনামে এসেছিলেন নাসিরুদ্দিন শাহ। দুই বর্ষীয়ান অভিনেতার এই কাদা ছোঁড়াছুড়িতে অবাক সিনেপ্রেমীরা।