প্রণামীর অর্থ নয়ছয় রুখতে কড়া পদক্ষেপ: রাম মন্দির পরিচালনায় এবার সিইও, সরকারের প্রভাবমুক্ত থাকবে কমিটি?

অযোধ্যার রাম মন্দিরের পরিচালন ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পথে রাম মন্দির তীর্থক্ষেত্র নির্মাণ ট্রাস্ট। সাম্প্রতিক সময়ে প্রণামীর অর্থ আত্মসাত ও নয়ছয়ের অভিযোগ ওঠার পর থেকেই মন্দিরের প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর দাবি উঠছিল। সেই প্রেক্ষিতেই রবিবার অযোধ্যায় ট্রাস্টের চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র ঘোষণা করলেন, মন্দিরের দৈনন্দিন প্রশাসনিক তদারকির জন্য একজন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিয়োগ করা হবে।
কেন এই পরিবর্তন? ট্রাস্টের সিদ্ধান্ত অনুযায়ী, একজন পেশাদার সিইও নিয়োগ করা হলে মন্দিরের আর্থিক ও প্রশাসনিক কাজকর্ম আরও স্বচ্ছ ও গতিশীল হবে। প্রণামীর অর্থ নয়ছয়ের ঘটনা প্রকাশ্যে আসার পরই নৃপেন্দ্র মিশ্র এই গুরুত্বপূর্ণ পদের সুপারিশ করেছিলেন।
মোদীর পরামর্শের জল্পনা রাজনৈতিক মহলে গুঞ্জন, এই রদবদল সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই হচ্ছে। উল্লেখ্য, অবসরপ্রাপ্ত প্রবীণ আমলা নৃপেন্দ্র মিশ্র প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের আস্থাভাজন এবং প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি। রাম মন্দির নির্মাণের মতো অত্যন্ত সংবেদনশীল প্রকল্পে প্রশাসনিক দক্ষতার অভাব যাতে না হয়, তা নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী এই বিশেষ উদ্যোগ নিয়েছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
পরিচালন ব্যবস্থা ও সিইও নিয়োগ নৃপেন্দ্র মিশ্র রবিবার স্পষ্ট জানিয়েছেন, সিইও-র কাজের পরিধি ও কার্যক্ষেত্র কী হবে, তা ট্রাস্টের সদস্যরা মিলে নির্ধারণ করবেন। তিনি আরও আশ্বস্ত করেছেন যে, নতুন এই পরিচালন ব্যবস্থায় সরকারের কোনো সরাসরি হস্তক্ষেপ থাকবে না, যা মন্দিরের স্বায়ত্তশাসন বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই সিইও বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ৬ জুলাই ট্রাস্টের তরফে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী এবং এনআইটি রায়পুরের প্রাক্তন চেয়ারপারসন সুরেশ হাওয়ারে।
দক্ষিণ ভারতের মন্দিরগুলির আদলে রাম মন্দিরেও এসওপি (Standard Operating Procedure) চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না হয়। প্রশাসনিক এই সংস্কারের মাধ্যমে মন্দির কর্তৃপক্ষ ভক্তদের আস্থা ফেরানোর চেষ্টায় এখন তৎপর।