হত্যাকাণ্ড না আত্মহত্যা? ত্বিশা শর্মা মৃত্যু মামলায় AIIMS-এর রিপোর্টে বড় তথ্য ফাঁস!

ত্বিশা শর্মা মৃত্যু মামলার তদন্তে এল নতুন মোড়। আদালতের নির্দেশে দিল্লি এইমস (AIIMS)-এর বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের করা দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে সামনে এল বেশ কিছু শিহরণ জাগানো তথ্য। ১১ পাতার ওই ফরেন্সিক রিপোর্টটি সিলবন্দি খামে সিবিআই (CBI)-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

রিপোর্টে কী রয়েছে? সংবাদ সংস্থা সূত্রে খবর, ল্যাবরেটরি এবং হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষায় ওই ঘটনায় ব্যবহৃত ধাতব রিং-যুক্ত জিমন্যাস্টিক্স বেল্ট (লিগেচার) পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ওই বেল্টে মানব ত্বকের টিস্যুর উপস্থিতি মিলেছে। শুধু তাই নয়, বেল্টের গঠন এবং তার সঙ্গে গলার আঘাতের চিহ্নের মধ্যে অদ্ভুত মিল লক্ষ্য করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এই তথ্যটি মামলাটিকে নতুন উচ্চতায় নিয়ে গেল বলে মনে করছেন তদন্তকারীরা।

কেন এই দ্বিতীয় ময়নাতদন্ত? মূলত প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বেশ কিছু অস্পষ্টতা ছিল, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই ধোঁয়াশা কাটানোর লক্ষ্যেই আদালত দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল। যদিও মেডিক্যল বোর্ডের চূড়ান্ত মতামত বা সিদ্ধান্তের বিষয়টি এখনো জনসমক্ষে আনা হয়নি। সুপ্রিম কোর্ট ও মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশ মেনে পুরো রিপোর্টটি অত্যন্ত গোপনীয়তার সাথে সিবিআই-এর কাছে জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবারই এইমস-এর বিশেষজ্ঞ দল তাদের বিশদ প্রতিবেদনটি তদন্তকারী সংস্থার হাতে তুলে দিয়েছে। এখন সিবিআই এই ফরেন্সিক রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে। এই নতুন প্রাপ্ত তথ্য যে তদন্তে বড় প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *