স্বাস্থ্য ভবনের বড় নির্দেশ! অতিরিক্ত বেতন ফেরতের নির্দেশ রিয়াল দাসের, সরতে হলো পদ থেকেও

স্বাস্থ্য ভবনের ‘থ্রেট কালচার’-এ অভিযুক্ত হিসেবে নাম জড়ানোর পর থেকেই শিরোনামে ছিলেন এসপি (শ্যামাপ্রসাদ) দাসের কন্যা ডা. রিয়াল দাস। এবার তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিয়াল দাসকে তাঁর বর্তমান সহকারী অধ্যাপকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

কী জানাচ্ছে স্বাস্থ্য দফতর? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মেডিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন শাখা থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতার ইনস্টিটিউট অব সাইকিয়াট্রির এপিডেমিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ডা. রিয়াল দাসকে ‘পশ্চিমবঙ্গ মেডিক্যাল এডুকেশন সার্ভিস’ (WBMES) ক্যাডার থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে পুনরায় ‘পশ্চিমবঙ্গ জেনারেল সার্ভিস’ (WBGS)-এর মেডিক্যাল অফিসার ক্যাডারে ফিরিয়ে আনা হয়েছে। এখন থেকে তিনি ডিরেক্টরেট অব হেলথ সার্ভিসেস (DHS)-এর অধীনে কাজ করবেন।

অতিরিক্ত বেতন ফেরতের নির্দেশ: কেবল পদাবনতিই নয়, সরকারি নির্দেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, রিয়াল দাস সহকারী অধ্যাপক পদে কর্মরত থাকাকালীন যে অতিরিক্ত বেতন ও ভাতা পেয়েছেন, তা নিয়ম অনুযায়ী ফেরত দিতে হবে। এখন থেকে তিনি WBGS-এর একজন মেডিক্যাল অফিসার হিসেবে নির্ধারিত বেতন ও ভাতাই পাবেন। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রেক্ষাপট: স্বাস্থ্য ভবনের থ্রেট কালচারের অন্যতম মুখ হিসেবে উঠে এসেছিল শ্যামাপ্রসাদ দাসের নাম। সেই বিতর্কের আবহেই তাঁর কন্যার বিরুদ্ধে এই প্রশাসনিক পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও স্বাস্থ্য মহল। স্বাস্থ্য দফতরের এই কড়া নির্দেশের অনুলিপি ইতিমধ্যে স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, ডিরেক্টরেট অব মেডিক্যাল এডুকেশন এবং আইপিজিএমইআর-সহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *