বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে অপহরণ! চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্তের খোঁজে তল্লাশি

ধ্যপ্রদেশের বারওয়ানি জেলার রাজপুর থানা এলাকার জলগোন গ্রাম থেকে অপহৃত এক আদিবাসী তরুণীকে উদ্ধার করল পুলিশ। নিহালি এলাকা থেকে তাঁকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় কয়েকজন যুবক জোরপূর্বক এক তরুণীকে বাইকে তুলে নিয়ে যাচ্ছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।
তরুণীর ভাইয়ের অভিযোগ, অভিযুক্ত হুকুমের সাথে তাঁর বোনের আগে থেকেই পরিচয় ছিল এবং তারা সামাজিক রীতি মেনে একত্রেও থেকেছে। কিন্তু পরে তরুণী জানতে পারেন, হুকুম আগে থেকেই বিবাহিত এবং দুটি সন্তানের বাবা। এই সত্য জানার পর তরুণী সম্পর্ক ছিন্ন করে নিজের বাড়িতে ফিরে আসেন। অভিযোগ, এরপরই হুকুম তাঁর সহযোগীদের নিয়ে গত কয়েকদিন আগে জলগোন থেকে তরুণীকে জোর করে অপহরণ করে নিয়ে যায়।
ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ হুকুম ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা দায়ের করেছে। অতিরিক্ত পুলিশ সুপার ধীরাজ বব্বর জানিয়েছেন, তরুণীর বয়ান রেকর্ড করা হচ্ছে এবং পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।