‘কৌরব বংশ ধ্বংস করে তবেই ছাড়বেন!’-কুণালকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

রাজ্য রাজনীতিতে ফের শিরোনামে কুণাল ঘোষ এবং দিলীপ ঘোষের বাদানুবাদ। পরিবহন মন্ত্রী অর্জুনের পর এবার পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের নিশানায় কুণাল। সোজা বাংলায় কুণাল ঘোষকে ‘শকুনি মামা’ বলে কটাক্ষ করে দিলীপের দাবি, “কুণাল শকুনির অভিনয় করছেন, যিনি কৌরব বংশ শেষ করেছিলেন।”

 সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক ঘটনাপ্রবাহে কুণাল ঘোষের ভূমিকা ও তাঁর মন্তব্যের সমালোচনা করে অর্জুন সিং আগেই তাঁকে ‘শকুনি মামা’ বলেছিলেন। সেই সুরেই দিলীপ ঘোষের অভিযোগ, কুণালের উসকানিমূলক ভাষণ ও রণকৌশলের জেরেই তৃণমূলের এই বেহাল দশা। পরোক্ষভাবে কুণালকেই দলের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য দায়ী করেছেন তিনি।

 বুধবার বালিগঞ্জে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল ঘিরে যে উত্তাপ তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “ওনার (মমতা) সব তার কেটে গেছে। এতদিন কয়েকটা তার কাটা ছিল, কাল দেখলাম পুরোটাই শেষ।” তিনি আরও যোগ করেন, মিছিলের সময় বিজেপি কর্মীদের উল্লাসের প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যে মেজাজ হারিয়েছিলেন, তাকেই ‘নাটক’ বলে অভিহিত করেছেন মন্ত্রী।

এনকাউন্টার বিতর্কে দিলীপের সাফ কথা: বারুইপুরের এনকাউন্টার কাণ্ড নিয়েও এদিন সরব হন দিলীপ। তিনি বলেন, “বিরোধীরা এনকাউন্টার নিয়ে মায়াকান্না কাঁদছে। বিহার বা উত্তরপ্রদেশে এনকাউন্টারে মানুষ শান্তি পেয়েছে। আর এ রাজ্যে এনকাউন্টারের বিরোধিতা যারা করছেন, তারা আসলে সমাজবিরোধী।” বুদ্ধিজীবীদের আক্রমণ করে তিনি বলেন, “অপরাধী যখন সাজা পায়, তখন এদের খুব কষ্ট হয়। এরা বুদ্ধিজীবী নন, সমাজবিরোধী। এদের মাথায় ডিম ভেঙে বুঝিয়ে দেওয়া উচিত।”

‘আমরা জিতেছি, নাচব না?’

মিছিলে অশান্তি ও বিজেপি কর্মীদের নাচের ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, “আমরা জিতেছি, আমরা একটু নাচব না? আর আমরা তো কারো বাড়ির বিছানায় গিয়ে নাচি না। আমাদের রাস্তায় আটকেছেন, গাড়ি ভেঙেছেন, তখন কি এসব নীতিবোধ ছিল?”

রাজনৈতিক মহলে দিলীপ ঘোষের এই একের পর এক বিস্ফোরক মন্তব্য বর্তমান রাজ্য রাজনীতির উত্তাপ যে আরও বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *