‘এত বিরক্ত করছ কেন…!’ সুশান্তের অতি-জিজ্ঞাসায় মেজাজ হারিয়েছিলেন ধোনি?

মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করা যে সহজ ছিল না, তা অনেকেই জানেন। কিন্তু সেই চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত কতটা জেদি ছিলেন, তার সাক্ষী স্বয়ং ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি। শোনা যায়, শ্যুটিং চলাকালীন সুশান্তের লাগাতার প্রশ্নের মুখে পড়ে একসময় মেজাজ হারিয়েছিলেন ধোনি।
কেন সুশান্তের উপর বিরক্ত হয়েছিলেন ধোনি? ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার শ্যুটিংয়ের সময় সুশান্তের একটাই লক্ষ্য ছিল—ধোনিকে ভিতর থেকে চেনা। সুশান্তের ধারণা ছিল, ধোনি যা বলছেন, তা হয়তো পুরোটা সত্যি নয়। তাই একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে করতেন অভিনেতা। ধোনির কথায়, “সুশান্ত যেন আমাকে বিশ্বাসই করতে পারছিল না! একই প্রশ্নের উত্তর বারবার চেয়ে সে আমাকে ভীষণ বিরক্ত করে তুলেছিল।”
একপর্যায়ে ধৈর্য হারিয়ে ধোনি নাকি সপাটে সুশান্তকে বলেই ফেলেছিলেন, “এত প্রশ্ন করছ কেন? প্রচণ্ড বিরক্ত করছ! এবার একটু রেহাই দাও।”
সুশান্তের জেদ ও প্রস্তুতির গল্প নিজের চরিত্রের প্রতি সুশান্তের এই একাগ্রতা ছিল প্রশংসনীয়। ছবির প্রচারে সুশান্ত নিজেই স্বীকার করেছিলেন, “পর্দায় ধোনিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য আমাকে তাঁকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতেই হতো। কিন্তু উনি নিজের ব্যাপারে বেশি কিছু বলতে চাইতেন না। তাই ওঁকে খোঁচা দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না।”
শেষ পর্যন্ত ধোনির উপলব্ধি প্রথমদিকে বিরক্তি প্রকাশ করলেও, পরে ধোনি বুঝতে পারেন যে সুশান্ত কেবল তাঁর চরিত্রটি নিখুঁত করার জন্যই এই কাজ করছেন। অভিনেতা হিসেবে সুশান্তের এই পরিশ্রম ও নিষ্ঠা দেখে ধীরে ধীরে ধোনির বিরক্তি কেটে যায় এবং সুশান্ত তাঁর ঘনিষ্ঠ ও প্রিয়পাত্র হয়ে ওঠেন।
পর্দায় সুশান্তের সেই অনবদ্য অভিনয় আজও দর্শক মনে গেঁথে আছে, যার নেপথ্যে ছিল ধোনির ধৈর্য এবং সুশান্তের অদম্য জেদ।