খাবার তোলার লিফটই কাল! চোখের সামনেই প্রাণ হারালেন বিখ্যাত রেস্তোরাঁ মালিক

উত্তরপ্রদেশের সাহারানপুরে এক ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় রেস্তোরাঁ ‘খাতির দরি’-র মালিক হর্ষ খুরানা (৫৫)। সোমবার গভীর রাতে রেস্তোরাঁর অন্দরেই খাবার ওঠানামা করানোর (ফুড এলিভেটর) নিচে চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঠিক কী ঘটেছিল? স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে রেস্তোরাঁটির কাজকর্ম চলাকালীন ওপরতলায় খাবার পাঠানোর প্রক্রিয়া চলছিল। হর্ষ খুরানা সেই সময় ফুড এলিভেটরের কাছেই দাঁড়িয়ে ছিলেন। আচমকাই যান্ত্রিক কোনো ত্রুটির কারণে বা অসতর্কতাবশত লিফটটি সজোরে নিচে নেমে আসে এবং সরাসরি তাঁর ঘাড়ের ওপর আঘাত করে।

মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। চিৎকার শুনে ছুটে আসেন কর্মীরা। দ্রুত তাঁকে উদ্ধার করে সাহারানপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশি তদন্ত শুরু এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে রেস্তোরাঁর কর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়েই সদর বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হর্ষ খুরানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লিফটটি ত্রুটিপূর্ণ ছিল কি না, নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *