সকালে গ্রেফতার, দুপুরে মুক্তি! বিতর্কিত শামস ইকবালের জামিনে তোলপাড় রাজ্য রাজনীতি

তোলাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন কলকাতা পুরনিগমের ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল ওরফে অনিল। রবিবার রাতে গার্ডেনরিচ থানার পুলিশ তাঁকে আটক ও পরে সোমবার সকালে গ্রেফতার করেছিল। কিন্তু রহস্যজনকভাবে, সোমবার দুপুর গড়াতেই ওই মামলার মোড় ঘুরে যায়।

কী ঘটেছিল আদালতে? সোমবার দুপুরে শামস ইকবালকে আলিপুর পুলিশ আদালতে তোলা হয়। ঠিক সেই সময়েই আদালতে উপস্থিত হন মামলার মূল অভিযোগকারী ওই ব্যবসায়ী। বিচারকের সামনে দাঁড়িয়ে তিনি সরাসরি জানিয়ে দেন, তিনি শামস ইকবালের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিতে চান। দুপক্ষের মধ্যে বিষয়টি ‘মিটমাট’ হয়ে গেছে বলে আদালতে জানান তিনি। অভিযোগকারীর এই ভোলবদলের পরই বিকেল ৪টে নাগাদ আদালত শামস ইকবালের জামিন মঞ্জুর করে।

অভিযোগ ছিল গুরুতর: ব্যবসায়ীর দায়ের করা এফআইআর অনুযায়ী, ২০২৩ সালের জুন মাস থেকে শামস ইকবালের অনুগামীরা একযোগে তাঁর কাছ থেকে প্রায় ৭০ লক্ষ টাকা তোলাবাজি করেছে। অভিযোগ, আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে বারবার মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল এবং প্রাণের হুমকি দেওয়া হয়েছিল। এই গুরুতর অভিযোগে তদন্তে নেমেছিল পুলিশ।

রহস্যের জাল: ঘটনার দিন পুলিশি ভ্যান যখন শামস ইকবালকে নিয়ে আলিপুর আদালতের দিকে রওনা দেয়, তখন থেকেই তাঁর অনুগামীদের একাংশ বাইক নিয়ে প্রিজন ভ্যানকে অনুসরণ করে। এমনকী, সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে যাতে তাঁর ছবি না আসে, সেজন্য মরিয়া চেষ্টাও দেখা যায় তাদের পক্ষ থেকে। মাত্র আট ঘণ্টার ব্যবধানে মামলার এমন নাটকীয় পরিণতি এবং অভিযোগকারীর হঠাৎ অবস্থান পরিবর্তনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *