ফের বড় ধাক্কা! ৩০ হাজার ছাঁটাইয়ের পর আবারও কর্মী ছাঁটাই ওরাকলের, আতঙ্কে কর্মীরা

প্রযুক্তি দুনিয়ায় যেন ছাঁটাইয়ের ঢেউ থামছেই না। কয়েকদিন আগেই বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা ওরাকল (Oracle) ৩০,০০০ কর্মী ছাঁটাই করে চাকরি বাজারে বড়সড় ধাক্কা দিয়েছিল। এবার ফের নতুন করে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল এই টেক জায়ান্ট। এবার সরাসরি কোপ পড়ল রোমানিয়া ইউনিটের ওপর, যেখানে প্রায় ৫০০ কর্মীকে ইস্তফা দিতে বলা হয়েছে।
কেন এই ধারাবাহিক ছাঁটাই? প্রতিবেদন অনুযায়ী, ওরাকল তাদের ব্যবসার মডেলে বড় রদবদল আনতে চাইছে। মূলত ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার (OCI) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গত ২৫ জুন থেকে রোমানিয়াতে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। উল্লেখ্য, সেন্ট্রাল ও ইস্টার্ন ইউরোপে রোমানিয়া ওদের অন্যতম বড় সার্ভিস হাব।
কোন কোন বিভাগ বেশি ক্ষতিগ্রস্ত? ওরাকলের এবারের ছাঁটাই কোনো একটি নির্দিষ্ট বিভাগে সীমাবদ্ধ নয়। ইঞ্জিনিয়ারিং, ব্যাক-অফিস, কাস্টমার-ফেসিং সাপোর্ট, ডেটাবেস টেকনোলজিস, ওরাকল হেলথ অ্যান্ড অ্যানালিটিক্স এবং ফিউশন অ্যাপ্লিকেশনস ডেভেলপমেন্টের মতো প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিভাগেই কর্মী ছাঁটাইয়ের আঁচ লেগেছে।
বিভ্রান্তি ও ধোঁয়াশা: ছাঁটাইয়ের প্রক্রিয়া নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও বিভ্রান্তি ছড়িয়েছে। রিপোর্ট বলছে, এইচআর (HR) টিম থেকে ইমেল পাঠানো হলেও, তাতে ছাঁটাইকে ‘প্রস্তাবিত’ (Proposed) হিসেবে উল্লেখ করা হয়েছে। সিদ্ধান্তটি চূড়ান্ত কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এছাড়া, ছাঁটাইয়ের খবর পাওয়ার পরেও অনেকের অফিসিয়াল অ্যাকাউন্ট (যেমন- স্ল্যাক) সচল থাকায় বিভ্রান্তি আরও বেড়েছে।
সেভারেন্স প্যাকেজ কী দিচ্ছে সংস্থা? চাকরি হারানো কর্মীদের জন্য একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে শোনা যাচ্ছে। এর মধ্যে থাকছে—
-
কাজের প্রতিটি বছরের জন্য এক মাসের বেতন।
-
অতিরিক্ত ৩ মাসের ক্ষতিপূরণমূলক বেতন।
-
২ মাসের ‘গার্ডেন লিভ’। তবে এই প্যাকেজ নিয়ে ওরাকল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।
ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন: ওরাকলের এই লাগাতার ছাঁটাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের পর এবার ইউরোপের বাজারেও প্রভাব ফেলছে। বছরের শুরুতে ভারতেও বড় আকারে কর্মী ছাঁটাই করেছিল সংস্থাটি। প্রযুক্তি ক্ষেত্রে এই অস্থিরতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে চিন্তিত গোটা তথ্যপ্রযুক্তি শিল্প।