উদ্ধবের সাম্রাজ্যে মহাধস! এবার কি তবে সংসদ থেকেও পাততাড়ি গুটাতে হবে থাকরে গোষ্ঠীকে?

লোকসভা ভোটে ভালো ফলের রেশ কাটতে না কাটতেই দিল্লিতে বড়সড় বিপর্যয়ের মুখে উদ্ধব ঠাকরের শিবসেনা (UBT)। লোকসভা সাংসদদের মধ্যে আকস্মিক বিদ্রোহের ধাক্কা সামলানোর আগেই, এবার আক্ষরিক অর্থেই সংসদ ভবনের অন্দরে জমি হারানোর মুখে থাকরে গোষ্ঠী। পরিস্থিতি যা, তাতে খুব শীঘ্রই দিল্লির সংসদ ভবন চত্বরে থাকা নিজেদের দলীয় কার্যালয় বা দপ্তর হারাতে পারে শিবসেনা (ইউবিটি)।

এক ধাক্কায় উদ্ধব শিবিরের ৬ জন লোকসভা সাংসদ নাম লিখিয়েছেন একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনায়। স্পিকার ওম বিড়লা আনুষ্ঠানিকভাবে এই দলবদলকে সবুজ সংকেত দিলেই সংসদের অন্দরে উদ্ধব গোষ্ঠীর সাংসদ সংখ্যা কমে দাঁড়াবে মাত্র ৪-এ। আর এখানেই লুকিয়ে রয়েছে আসল টুইস্ট!

কেন খোয়া যেতে পারে সংসদ ভবনের ১২৮এ নম্বর ঘর?
সংসদীয় নিয়ম অনুযায়ী, সাধারণত যে দলগুলির অন্তত ৫ জন বা তার বেশি সাংসদ থাকেন, তাদেরই সংসদ ভবন চত্বরের ভেতরে স্থায়ী দলীয় কার্যালয় বা দপ্তর বরাদ্দ করা হয়। বর্তমানে সংবিধান ভবনের (পুরানো সংসদ ভবন) ১২৮এ নম্বর কক্ষে রয়েছে শিবসেনা ইউবিটির সংসদীয় দলের কার্যালয়। সাংসদ সংখ্যা ৫-এর নিচে নেমে গেলে এই অফিস হাতছাড়া হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।

শুধু অফিস হারানোই নয়, আরও বড় রাজনৈতিক ধাক্কা আসতে চলেছে উদ্ধব শিবিরের জন্য। নিয়ম অনুযায়ী, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলিতে আয়োজিত সর্বদলীয় বৈঠকগুলিতে সাধারণত ৫ জনের কম সাংসদ থাকা ছোট দলগুলিকে আমন্ত্রণ জানানো হয় না। ফলে দিল্লির নীতি নির্ধারণী স্তরেও কোণঠাসা হতে পারে উদ্ধব গোষ্ঠী।

একনজরে ক্ষমতার সমীকরণ: শিন্দের ঘরে ১৩, উদ্ধবের হাতে মাত্র ৪!
সোমবার উদ্ধব ঠাকরের ৯ জন লোকসভা সাংসদের মধ্যে ৬ জনই একনাথ শিন্দের শিবিরে যোগ দেন। এর ফলে লোকসভায় শিন্দে গোষ্ঠীর শক্তি ৭ থেকে একলাফে বেড়ে দাঁড়িয়েছে ১৩-তে। দলবদলের পরই মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে হুঙ্কার দিয়ে বলেন, “এই লড়াই ছিল বালাসাহেব ঠাকরের আসল আদর্শকে রক্ষা করার লড়াই। আর সেই কারণেই উদ্ধব গোষ্ঠীর ৬ জন সাংসদ আজ আমাদের সাথে যোগ দিয়েছেন।”

উদ্ধব শিবিরের যে ৬ জন সাংসদ বিদ্রোহ ঘোষণা করেছেন:

সঞ্জয় দিনা পাতিল (মুম্বাই উত্তর পূর্ব)

নাগেশ পাতিল অষ্টিকর (হিঙ্গোলি)

ওমরাজে নিম্বালকার (ধারাশিব)

ভৌসাহেব ওয়াকচোর (শিরডি)

সঞ্জয় যাদব (পারভানি)

সঞ্জয় উত্তমরাও দেশমুখ (ইয়াভাতমাল-ওয়াশিম)

স্পিকারের দরবারে উদ্ধব শিবির, আজই বিকেল ৫টায় হাইভোল্টেজ বৈঠক
শিবসেনা ব্লকের এই নজিরবিহীন বিদ্রোহের জেরে দিল্লির রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। সূত্রের খবর, এই জটিল পরিস্থিতি নিয়ে আলোচনা করতে লোকসভার স্পিকার ওম বিড়লা বুধবার বিকেল ৫টায় দলীয় নেতাদের একটি জরুরি বৈঠক ডেকেছেন।

উদ্ধব শিবিরের বিশ্বস্ত সাংসদ অরবিন্দ সাওয়ান্ত এবং অনিল দেশাই ইতিমধ্যেই স্পিকারের সঙ্গে দেখা করে এই বিদ্রোহী গোষ্ঠীকে কোনোভাবেই যাতে আনুষ্ঠানিক স্বীকৃতি না দেওয়া হয়, সেই আর্জি জানাতে চলেছেন। স্পিকারের সামনে উদ্ধব পক্ষকে নিজেদের বক্তব্য পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার, স্পিকারের এই বৈঠকের পর দিল্লির অলিন্দে উদ্ধব ঠাকরের ভাগ্য কোন দিকে মোড় নেয়!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *