মোদীর পছন্দের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ! অস্বস্তিতে মধ্যপ্রদেশ বিজেপি

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিরুদ্ধে জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের রিয়েল এস্টেট ব্যবসার লেনদেন নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। দলের অন্দরের একটি প্রভাবশালী অংশ বিষয়টি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা মোহন যাদবের অপসারণের দাবি পর্যন্ত তুলেছেন বলে খবর।
অভিযোগ কী? ২০২৩ সালে চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে সরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দের প্রার্থী হিসেবে মোহন যাদবকে রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর পরিবারের রিয়েল এস্টেট ও জমি-বাড়ি কেনাবেচার ব্যবসা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত ব্যবসায় বিশেষ সুবিধা নেওয়া হয়েছে, যা এখন দলের শীর্ষ নেতৃত্বের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিরোধীদের আক্রমণ: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসতেই আসরে নেমেছে মধ্যপ্রদেশ কংগ্রেস। মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবিতে তারা রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। কংগ্রেসের দাবি, এই দুর্নীতি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে বড় কোনো বড় মাপের আর্থিক অনিয়ম লুকিয়ে রয়েছে।
সরকারের নীরবতা ও দলের অস্বস্তি: এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মোহন যাদব বা রাজ্য সরকারের পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বিজেপির অন্দরে এই অভিযোগ নিয়ে যে চরম অস্বস্তি তৈরি হয়েছে, তা স্পষ্ট। দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা শিবরাজ সিং চৌহানকে সরিয়ে একজন নতুন মুখকে আনা হলেও, এই কেলেঙ্কারি দলের ভাবমূর্তিকে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।