সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদল: গোপাল মুখার্জির নামে নামকরণ নিয়ে মুখ খুলল পরিবার!

কলকাতার মানচিত্রে এল এক বড় পরিবর্তন। ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’-এর নাম পরিবর্তন করে রাখা হলো ‘গোপাল মুখার্জি রোড’। কলকাতা পুরসভার এই সিদ্ধান্তের পরই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গোপাল মুখার্জির পরিবারের সদস্য শান্তনু মুখার্জি।
পরিবারের প্রতিক্রিয়া: এই নাম পরিবর্তনের খবরে উচ্ছ্বসিত গোপাল মুখার্জির পরিবার। শান্তনু মুখার্জি বলেন, “পরিবারের প্রতিটি সদস্য আজ অত্যন্ত আনন্দিত। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়, আনন্দ চোখের জলের মাধ্যমে বেরিয়ে আসছে।” তিনি সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে বলেন, “অনেক সরকার আগে ক্ষমতায় ছিল, কিন্তু এমন সাহসী সিদ্ধান্ত কেউ নিতে পারেননি। পশ্চিমবঙ্গ দিবসের মতো একটি ঐতিহাসিক দিনে এই ঘোষণা আমাদের জন্য বিশাল এক প্রাপ্তি।”
কেন এই নাম পরিবর্তন? রবিবার সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই উদ্যোগকে ‘ঐতিহাসিক অন্যায় সংশোধন’ হিসেবে বর্ণনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, “পশ্চিমবঙ্গ দিবসের পবিত্র দিনে গতকাল কলকাতা পুরসভা কর্তৃক গৃহীত ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম এখন থেকে পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড রাখা হবে।”
প্রসঙ্গত, এই নামকরণের মধ্য দিয়ে কলকাতার ইতিহাসে একটি দীর্ঘকালীন বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করা হলো বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন।