NDTV-র ৬৫ শতাংশের মালিক হচ্ছেন আদানি, প্রকাশিত হলো অফিসিয়াল তথ্য

সংবাদমাধ্যম এনডিটিভির ৬৫ শতাংশের ওপর মালিকানা পেতে যাচ্ছে শিল্পপতি গৌতম আদানির হাতে। শুক্রবার এনডিটিভির প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায় এ তথ্য জানিয়েছেন।
তারা জানান, সংস্থার একটা বড় অংশের শেয়ার তারা বিক্রি করছেন। আর তা গৌতম আদানির সংস্থার কাছেই বিক্রি করছেন।
এর আগে, গৌতম আদানির সংস্থার কাছে এনডিটিভির ২৭.২৬ শতাংশ স্বত্ব বিক্রি করেছেন সংবাদমাধ্যমটির প্রতিষ্ঠাতা রাধিকা রায় ও প্রণয় রায়। এর ফলে এনডিটিভির মালিকানার ৬৪.৭১ শতাংশ আদানির সংস্থার হাতে থাকবে।
এনডিটিভির ৩৭ শতাংশে নিয়ন্ত্রণ রেখেছেন গৌতম আদানি। তারপর নতুন করে এলো এ খবর। এনডিটিভির পক্ষ থেকেও নিজেদের বিবৃতি প্রকাশ করেছেন এনডিটিভির প্রতিষ্ঠাতা প্রণয় ও রাধিকা রায়।
জানা গেছে, এনডিটিভির পক্ষ থেকে দেওয়া সমস্ত শর্তে রাজি হয়েছেন গৌতম আদানি।
এদিকে, এনডিটিভি নেটওয়ার্কের পক্ষ থেকে জানানো হয়, খোলা প্রস্তাবের পর এএমজি নেটওয়ার্ক এনডিটিভির সবচেয়ে বড় একক শেয়ারহোল্ডার হিসেবে উঠে আসছে।
সেখানেই জানানো হয়, এএমজি নেটওয়ার্কের আওতায় এনডিটিভির একটা বড় অংশের স্বত্ব যাচ্ছে। জানা গেছে, খোলা প্রস্তাবের পর থেকেই এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এনডিটিভির পক্ষ থেকে জানানো হয়, আদানির পক্ষ থেকে খোলা প্রস্তাব দেওয়ার পর এনডিটিভির স্বত্ব বিক্রির বিষয়ে দুই পক্ষের আলোচনা শুরু হয়।
এনডিটিভির প্রতিষ্ঠাতারা বলছেন, দুই পক্ষেরই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ও লক্ষ্য নিষ্ঠভাবে গঠনমূলক পদ্ধতিতে এগিয়েছে। এরপর এ উপসংহারে উপনীত হন এনডিটিভির প্রতিষ্ঠাতারা।