ট্রাম্পের নামে রাস্তা! তেলেঙ্গানায় অভূতপূর্ব ঐক্যে সিপিআই(এম) ও বিজেপি!

ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তার নামকরণ! আর এই ইস্যুতেই তেলেঙ্গানার রাজনীতিতে তৈরি হলো এক অভাবনীয় দৃশ্য। চরম আদর্শগত বিরোধ ভুলে কংগ্রেস শাসিত সরকারের বিরুদ্ধে একজোট হলো সিপিআই(এম) এবং বিজেপি। হায়দরাবাদের মার্কিন কনসুলেট সংলগ্ন রাস্তার নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখার সিদ্ধান্ত ঘিরে এখন উত্তাল জাতীয় রাজনীতি।

কেন এই বিতর্ক? তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি রাজ্যের রাজধানী হায়দরাবাদকে আন্তর্জাতিক স্তরের শহর হিসেবে তুলে ধরতে শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের পর থেকেই তুঙ্গে রাজনৈতিক বিতর্ক।

বাম ও বিজেপির কড়া অবস্থান এই নামকরণকে সরাসরি ‘সাম্রাজ্যবাদের তোষামোদ’ বলে কটাক্ষ করেছেন বাম নেতৃত্ব। সিপিআই(এম) নেতা এম এ বেবি ডোনাল্ড ট্রাম্পকে ‘সাম্রাজ্যবাদী যুদ্ধের বর্তমান মুখ’ আখ্যা দিয়ে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন। এম এ বেবি মনে করিয়ে দেন, অতীতে ভিয়েতনাম যুদ্ধের সময় কলকাতার হ্যারিংটন স্ট্রিটের নাম বদলে ‘হো চি মিন সরণি’ রাখা হয়েছিল সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে। সেই ঐতিহ্যের বিপরীতে গিয়ে কংগ্রেস সরকার কেন ট্রাম্পের নামে রাস্তা রাখছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

অন্যদিকে, এই ইস্যুতেই সুর চড়িয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের মতে, এটি কংগ্রেসের ‘দাসত্ব মানসিকতার’ বহিঃপ্রকাশ। প্রশাসনিক সূত্রে যদিও দাবি করা হয়েছে, হায়দরাবাদকে একটি ‘গ্লোবাল হাব’ হিসেবে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক মহলে সেই যুক্তি ধোপে টেকেনি।

রাজনৈতিক সমীকরণ একদিকে বামপন্থীদের আদর্শগত অবস্থান এবং অন্যদিকে বিজেপির তীব্র আক্রমণ—সব মিলিয়ে তেলেঙ্গানার কংগ্রেস সরকার বড়সড় চাপের মুখে। হায়দরাবাদের বুকে ট্রাম্পের নামে রাস্তা হওয়া নিয়ে যে ধরনের মেরুকরণ তৈরি হয়েছে, তা আসন্ন দিনগুলোতে ভারতের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *