তেজস্বীকে বিয়ের প্রস্তাব দিতেই ট্রোলের মুখে করণ কুন্দ্রা! দিলেন কড়া জবাব

টেলিভিশন দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত জুটি করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ অবশেষে তাঁদের চার বছরের প্রেমের সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘দেশি ব্লিং’-এ সকলের সামনেই আংটি বদল করে বাগদান সম্পন্ন করেছেন এই তারকা জুটি। তবে এই আনন্দের মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলিং। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে করণের একটি মন্তব্য—বিয়ের প্রস্তাব দেওয়ার আগে তিনি তেজস্বীর পাশাপাশি নিজের বাবা-মায়ের সঙ্গেও পরামর্শ করেছিলেন।

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের শো-তে অতিথি হিসেবে এসে করণ কুন্দ্রা ট্রোলারদের উদ্দেশ্যে তোপ দাগেন। তিনি সাফ জানিয়ে দেন, একজন ভারতীয় হিসেবে বাবা-মায়ের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা অটুট। করণ বলেন, “যারা বলছে বাবা-মায়ের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলা উচিত হয়নি, তাদের লজ্জা হওয়া উচিত। তোমরা কি ভারতে জন্মেছো, নাকি কারদাশিয়ানদের বাড়িতে? আমার কাছে আমার বাবা-মায়ের পরামর্শই সবথেকে গুরুত্বপূর্ণ।”

অভিনেতার মতে, কিছু মানুষ মনে করেন হবু স্ত্রীর বাবা-মাকে গুরুত্ব না দেওয়াই আধুনিকতা। কিন্তু তিনি এই চিন্তাধারাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। তিনি আরও বলেন, “মা-বাবা কি কখনও সন্তানের খারাপ চাইবেন? তাঁরাই তো আমাদের বড় করেছেন। অন্য কারোর কথায় আমি আমার মা-বাবার গুরুত্ব ভুলব না।” তেজস্বী প্রকাশের তরফ থেকেও এই নিয়ে কোনো অভিযোগ নেই, উল্টে করণের এই সিদ্ধান্তে তিনি গর্বিত। কিন্তু তবুও বহিরাগতদের নাক গলানো সহ্য করতে নারাজ করণ। সোজা কথায় তিনি জানিয়ে দিয়েছেন, ট্রোলাররা জাহান্নামে যাক, তিনি তাঁর পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন।

‘বিগ বস ১৫’-এর ঘর থেকে শুরু হওয়া এই ‘তেজরান’ জুটির প্রেমের গল্প আজ বহু তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা। রিয়্যালিটি শো-এর গণ্ডি পেরিয়ে বাস্তবের সম্পর্ক চার বছরে পা দিয়েছে। দীর্ঘ প্রেমের পর তাঁদের এই বাগদান ভক্তদের মধ্যে খুশির জোয়ার এনেছে। এখন অনুরাগীদের নজর শুধু তাঁদের বিয়ের তারিখের দিকে। ট্রোলিং বা নেতিবাচক মন্তব্য যাই আসুক না কেন, করণ ও তেজস্বীর সম্পর্ক আজ এক মজবুত বন্ধনে আবদ্ধ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *