১ লাখেরও বেশি মানুষ ডাউনলোড করেছেন! কার্টুন বানানোর এই জনপ্রিয় অ্যাপটি আপনার ফোনে নেই তো?

স্মার্টফোনের ব্যবহারকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে গুগল প্লে স্টোরে রয়েছে লাখো অ্যাপের সমাহার। প্রয়োজন বা শখের বশে আমরা অনেকেই যাচাই-বাছাই না করে নিমেষেই ইনস্টল করে নিচ্ছি বিভিন্ন অ্যাপ। কিন্তু এই অভ্যাসই ডেকে আনছে চরম বিপদ। প্লে স্টোরে এমন কিছু ক্ষতিকর অ্যাপ বা ম্যালওয়্যার লুকিয়ে রয়েছে, যা আপনার অজান্তেই হাতিয়ে নিচ্ছে সব ব্যক্তিগত গোপন তথ্য।
সম্প্রতি এমনই এক ভয়ংকর জালিয়াতির তথ্য সামনে এসেছে। কার্টুন বা অ্যানিমেশন তৈরি করার একটি অত্যন্ত জনপ্রিয় অ্যাপের আড়ালে চলছে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের খেলা! অ্যাপটির নাম ‘ক্রাফ্টসার্ট কার্টুন ফটো টুলস’ (Craftsart Cartoon Photo Tools)।
কীভাবে পাতা হচ্ছে এই ফাঁদ?
সাইবার বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই বিশ্বজুড়ে এক লাখেরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই বিপজ্জনক অ্যাপটি ডাউনলোড করেছেন। অ্যাপটি ফোনে ইনস্টল করার পর ব্যবহারকারী যখনই কোনো ছবি এডিট করে কার্টুনে রূপান্তর করতে যান, তখনই স্ক্রিনে একটি ভুয়া ফেসবুক লগইন পেজ ভেসে ওঠে। সেখানে ফেসবুকের আইডি ও পাসওয়ার্ড দেওয়া মাত্রই সেই স্পর্শকাতর তথ্য সরাসরি পৌঁছে যায় হ্যাকারদের সার্ভারে। এর মাধ্যমে আপনার ব্যক্তিগত ফোন নম্বর, ই-মেইল আইডি থেকে শুরু করে প্রোফাইলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে সাইবার অপরাধীদের হাতে।
গুগলের পদক্ষেপ ও জরুরি সতর্কবার্তা
বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে টেক জায়ান্ট গুগল। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিকর এই অ্যাপটিকে ইতিমধ্যেই গুগল প্লে স্টোর থেকে চিরতরে সরিয়ে ফেলা হয়েছে (Ban)। তবে ভয়ের বিষয় হলো, যারা এটি আগেই ডাউনলোড করে রেখেছেন, তাদের ফোনে এটি এখনও সক্রিয় রয়েছে। তাই সুরক্ষার স্বার্থে ব্যবহারকারীদের অবিলম্বে ফোন থেকে অ্যাপটি আনইনস্টল করার কড়া পরামর্শ দেওয়া হয়েছে।
বিপদ এড়াতে অ্যাপ ডাউনলোডের আগে এই ৪টি বিষয় অবশ্যই মাথায় রাখুন:
প্লে স্টোরে থাকা সব অ্যাপ নিরাপদ নয়। নিজেকে সাইবার ক্রাইম থেকে সুরক্ষিত রাখতে যেকোনো অ্যাপ ইনস্টল করার আগে নিচের বিষয়গুলো অবশ্যই যাচাই করে নিন:
ডেভেলপার যাচাই করুন: অ্যাপটি কোন কোম্পানি বা ব্যক্তি তৈরি করেছে, তা ডাউনলোডের আগে ভালোভাবে দেখে নিন। বিশ্বস্ত ডেভেলপার না হলে সেই অ্যাপ এড়িয়ে চলুন।
রিভিউ এবং রেটিং চেক করুন: অ্যাপ ডাউনলোড করার আগে নিচের রিভিউগুলো পড়ুন। যদি কোনো অ্যাপে ম্যালওয়্যার বা ভাইরাস থাকে, তবে অন্য ব্যবহারকারীরা অবশ্যই রিভিউ সেকশনে তা নিয়ে অভিযোগ জানান।
ব্যক্তিগত তথ্য দেওয়ায় নিষেধাজ্ঞা: কোনো সাধারণ বা অচেনা অ্যাপে নিজের নাম, মোবাইল নম্বর, বাড়ির ঠিকানা বা সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড দেবেন না।
পারমিশন দেওয়ার ক্ষেত্রে সতর্কতা: কার্টুন বানানো বা ছবি এডিটের অ্যাপের জন্য কখনো মাইক্রোফোন, কনট্যাক্ট লিস্ট বা মেসেজ পড়ার পারমিশন প্রয়োজন হয় না। কোনো অ্যাপ যদি অপ্রয়োজনীয় পারমিশন চায়, তবে তা সাথে সাথে বাতিল বা আনইনস্টল করে দিন।