‘ধর্ষণের পর নির্যাতিতা জড়িয়ে ধরার আবদার করেন’, পুরনো ভিডিও ভাইরাল হতেই ক্ষমা চাইলেন মধুর

কমেডির নামে সীমা লঙ্ঘন! সম্প্রতি একটি পুরোনো ভিডিও ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান মধুর ভির্লি। ২০২৪ সালের একটি শো-এর ক্লিপ হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে ধর্ষণ নিয়ে অত্যন্ত অসংবেদনশীল ও বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে। নেটপাড়ার তীব্র কটাক্ষের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হলেন এই জনপ্রিয় কমেডিয়ান।

ঠিক কী বলেছিলেন মধুর?
ভাইরাল হওয়া সেই ক্লিপে মধুরকে বলতে শোনা যায়, “১০ টার মধ্যে ৯টা সাধারণ ধর্ষণ। কিন্তু ১০ নম্বরের ক্ষেত্রে নির্যাতিতা নাকি ধর্ষণের পর ধর্ষককে জড়িয়ে ধরার আবদার করেন।” তিনি আরও একধাপ এগিয়ে বলেন, “ধর্ষণের পর নির্যাতিতারা প্রায়ই বলেন এর থেকে মৃত্যু ভালো ছিল। কিন্তু কোনো লাশ কখনোই বলে না যে মৃত্যুর চেয়ে ধর্ষণ ভালো।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে।

ক্ষমা চেয়ে কী বললেন মধুর?
বিতর্ক নতুন করে মাথাচাড়া দিতেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে ক্ষমা চেয়ে পোস্ট করেছেন মধুর ভির্লি। তিনি লিখেছেন, “ভাইরাল হওয়া ভিডিওটি আমার দুই বছর আগের একটি পারফরমেন্সের ক্লিপ। ভিডিওটি আপলোডের কিছু পরেই আমি বুঝতে পেরেছিলাম যে আমার ভুল হয়েছে এবং তখনই তা সরিয়ে ফেলি। এখন সেটি নতুন করে ছড়িয়ে পড়েছে।” পাশাপাশি তিনি স্বীকার করেন যে, কমেডি সমাজকে প্রশ্ন করার সুযোগ দিলেও, কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে অত্যন্ত সংবেদনশীল হওয়া প্রয়োজন।

কে এই মধুর ভির্লি?
দিল্লির বাসিন্দা মধুর ভির্লি মূলত দিল্লি আইআইটি-র প্রাক্তনী। নিজের লেখনী ও কমেডি শো-এর মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ২০১৮ সালে একটি কমেডি শো জয় করার পর থেকে তিনি মূলত মেন্টাল হেলথ ও সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে কমেডি পরিবেশন করেন।

উল্লেখ্য, সম্প্রতি আর এক কমেডিয়ান প্রণীত মুরকেও ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। এক মহিলাকে ডেটে নিয়ে গিয়ে বিল মেটানো নিয়ে করা তাঁর এক মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। কমেডি বা রসিকতার আড়ালে সংবেদনশীলতাকে গুরুত্ব দেওয়া উচিত কি না, তা নিয়ে ফের সরব হয়েছেন নেটিজেনরা।