অন্নপূর্ণা যোজনায় বড় সিদ্ধান্ত! কারা এই সুবিধা পাবেন না? সরাসরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। একদিকে এই প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা আসা যেমন শুরু হয়েছে, তেমনই অন্যদিকে প্রকল্পের কঠোর নিয়মাবলী ও ফর্ম পূরণের জটিলতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দানা বেঁধেছে। বিশেষ করে ১২ পাতার ফর্ম পূরণ নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। এই পরিস্থিতিতে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
কারা সুবিধা পাবেন না?
রাজ্যব্যাপী ‘জনকল্যাণ শিবির’ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে এখন থেকে আরও কড়াকড়ি করা হবে। তিনি প্রশ্ন তুলেছেন, যারা সরকারি বা সরকার পোষিত স্কুলে সন্তানদের পড়ান না বা শিশুদের টিকাকরণের মতো গুরুত্বপূর্ণ সরকারি কাজে অনীহা দেখান, তাদের অন্নপূর্ণা যোজনার মতো প্রকল্পের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা নিয়ে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, “যাঁদের সরকারি অন্যান্য পরিকাঠামো বা সুবিধার প্রয়োজন নেই, শুধু আর্থিক অনুদানই মুখ্য, তাদের ক্ষেত্রে সরকার কঠোর অবস্থান নিতে বাধ্য।” মূলত সঠিক উপভোক্তার কাছেই যাতে সরকারি অর্থ পৌঁছায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
যৌথ পরিবার ও নিয়মাবলী:
অন্নপূর্ণা যোজনা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন ছিল যৌথ পরিবারে একাধিক আবেদনকারী নিয়ে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো যৌথ পরিবারে যদি দুই বিবাহিত দম্পতি আলাদাভাবে বসবাস করেন এবং তাঁদের পৃথক রেশন কার্ড ও [আধার কার্ড redacted] থাকে, তবে তাঁদের প্রযুক্তিগতভাবে দুটি আলাদা পরিবার হিসেবে গণ্য করা হবে। এই ক্ষেত্রে উভয় পরিবারের বিবাহিত নারী প্রধানরা আলাদাভাবে আবেদন করার যোগ্য এবং দুজনেই সরকারি আর্থিক সুবিধা পাওয়ার অধিকারী।
১২ পাতার ফর্ম নিয়ে বিতর্ক:
প্রকল্পের আবেদনপত্র ১২ পাতার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে। তবে এই বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করেছেন যে, এই দীর্ঘ ফর্ম মূলত সরকারের প্রয়োজনীয় তথ্য ভাণ্ডার (Database) তৈরির জন্য। ফর্ম পূরণ করাটাই যে টাকা পাওয়ার একমাত্র শর্ত, বিষয়টি এমন নয়। আগামী দিনে আরও একাধিক সরকারি প্রকল্প আসছে, সেইসব প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ সহজেই পেতে পারেন, তার জন্যই এখন থেকেই বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আবেদন করবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চাইলে শুধুমাত্র রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টাল (https://socialsecurity.wb.gov.in/) ব্যবহার করুন। কোনো অননুমোদিত লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া নিকটস্থ জনকল্যাণ শিবির বা সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে অফলাইনেও আবেদন করা যাবে।