যোগ দিবসের মেগা প্রস্তুতি! এক সপ্তাহ রেড রোড বন্ধ, শহরজুড়ে কড়া ট্র্যাফিক অ্যাডভাইজারি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। এবছর কলকাতার রেড রোডে আয়োজিত হতে চলেছে এই মেগা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের প্রস্তুতি ও নিরাপত্তার খাতিরে শহরজুড়ে কড়া ট্র্যাফিক অ্যাডভাইজারি জারি করল কলকাতা পুলিশ। লালবাজারের নির্দেশিকা অনুযায়ী, আজ, ১৪ জুন রাত ১০টা থেকে আগামী ২১ জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
কী কী নিষেধাজ্ঞা জারি হয়েছে?
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের দিন রাত ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরে ট্র্যাফিক বিধিনিষেধ আরও কঠোর হবে:
পণ্যবাহী যানের ওপর নিষেধাজ্ঞা: মৌলালি মোড় থেকে এজেসি বোস রোড (দক্ষিণমুখী), সেন্ট জর্জেস গেট রোড, সিআর অ্যাভিনিউ (দক্ষিণমুখী) এবং জওহরলাল নেহরু রোডের দু’দিকে পণ্যবাহী গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
সম্পূর্ণ বন্ধ রাস্তা: হসপিটাল রোড (পূর্ব ও পশ্চিম অংশ), লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কিংসওয়ে, কুইন্সওয়ে, ডাফরিন রোড, আউটরাম রোড, খিদিরপুর রোড এবং আরআর অ্যাভিনিউতে সাধারণ যান চলাচল বন্ধ রাখা হবে। শুধুমাত্র বিশেষ পারমিট স্টিকার লাগানো গাড়িগুলিকে মেয়ো রোডে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
বিকল্প রুটের নির্দেশিকা:
দীর্ঘ এক সপ্তাহ রেড রোড বন্ধ থাকায় নিত্যযাত্রীদের ভোগান্তি কমাতে পুলিশ বিকল্প রুটের রূপরেখা তৈরি করেছে:
ডালহৌসি ও হাওড়ামুখী বাস: বেলভেডিয়ার রোড, এজেসি বোস রোড, টার্ফ ভিউ এবং এজেসি র্যাম্প হয়ে চলাচল করবে।
দক্ষিণ কলকাতাগামী যানবাহন: মেয়ো রোড, ডাফরিন রোড এবং জওহরলাল নেহরু রোডের ওপর নির্ভর করতে হবে।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, শহরের পরিস্থিতি বিচার করে ২১ জুন প্রয়োজনে অন্যান্য সংযোগকারী রাস্তাতেও রুট তাৎক্ষণিকভাবে পরিবর্তন করা হতে পারে। যানজটের সম্ভাবনা থাকায় যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বেরোনোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে শহরের যান চলাচলে যে ব্যাপক প্রভাব পড়বে, তা মাথায় রেখেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।