TMC-র যুব সভাপতি পদ থেকে অপসারিত সায়নী! নতুন দায়িত্বে ছোটপর্দার জনপ্রিয় মুখ অর্ণব

রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক নেতৃত্বে বড় রদবদল। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হওয়া এবং ‘বিদ্রোহী’ সাংসদদের তালিকায় নাম জড়ানোর জেরে যুব সভাপতির পদ থেকে অপসারিত করা হলো যাদবপুরের সাংসদ সায়নী ঘোষকে। তাঁর স্থলাভিষিক্ত হলেন ছোটপর্দার পরিচিত মুখ, অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়।
২৬-এর বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের অন্দরে ভাঙনের সুর স্পষ্ট। অভিযোগ, সেই সময় দলের ১৯ জন বিদ্রোহী সাংসদের তালিকায় সায়নী ঘোষের নাম উঠে আসে। এই খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় শীর্ষ নেতৃত্ব। সায়নীকে সরিয়ে যুব সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয় অর্ণব বন্দ্যোপাধ্যায়ের কাঁধে।
রাজনীতির ময়দানে অর্ণব বন্দ্যোপাধ্যায় নতুন মুখ হলেও, তৃণমূলের অন্দরে তিনি পরিচিত নাম। বিধানসভা নির্বাচনের সময় যখন টলিউডের অধিকাংশ তারকা দলের থেকে দূরত্ব তৈরি করছিলেন, সেই দুঃসময়ে অর্ণব ও তাঁর স্ত্রী ময়না বন্দ্যোপাধ্যায়কে দলের পাশে দাঁড়িয়ে প্রচার করতে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে তাঁরা জানিয়েছিলেন, পরিস্থিতি যা-ই হোক, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সমর্থক। অনেকে মনে করছেন, এই আনুগত্যের কারণেই দলের এই সংকটকালে তাঁকে বড় দায়িত্ব দিলেন নেত্রী।
দায়িত্ব পেয়ে অর্ণব বলেন, “আমি প্রথম দিন থেকেই তৃণমূল কংগ্রেসের আদর্শের সঙ্গে যুক্ত। এই দলের প্রতি আমার আবেগ রয়েছে। বর্তমান পরিস্থিতির চ্যালেঞ্জ সম্পর্কে আমি সচেতন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সৎভাবে সংগঠনকে শক্তিশালী করে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
‘বাংলা মিডিয়াম’, ‘খড়কুটো’, ‘ভিডিও বৌমা’-র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের ঘরে ঘরে পৌঁছেছেন অর্ণব। তাঁর স্ত্রী ময়না বন্দ্যোপাধ্যায়ও বর্তমানে ‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকে অভিনয় করছেন। এখন দেখার, অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার এই চ্যালেঞ্জিং যাত্রায় অর্ণব তৃণমূলের যুব সংগঠনকে কতটা চাঙ্গা করতে পারেন।