আমফানের ২৫০ কোটি গেল কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!

আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবার সরাসরি বিদ্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ১ ও ২ ব্লকে ত্রাণ বণ্টনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। এই ঘটনায় ইতিমধ্যেই বিষ্ণুপুর থানা ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

কী অভিযোগ উঠেছে?
বিজেপি নেতা অভিজিৎ দাসের দাবি, ২০২০ সালে আমফান পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য কেন্দ্রীয় সরকার যে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছিল, তা সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। অভিযোগ, তৃণমূলের স্থানীয় জনপ্রতিনিধিরা পরিকল্পিতভাবে ডেটাবেসে কারসাজি করেছেন। একই ব্যক্তির নামে একাধিকবার টাকা বরাদ্দ দেখানো হয়েছে এবং অধিকাংশ ত্রাণসামগ্রী বা অর্থ আত্মসাৎ করা হয়েছে।

অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, শুধু আমফান ত্রাণেই প্রায় ২৫০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। অভিজিৎ দাসের সরাসরি অভিযোগ, “ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই পুরো দুর্নীতি পরিচালিত হয়েছে। তৃণমূলের নেতা-নেত্রীরা গরিব মানুষের হকের টাকা লুট করেছেন।”

পুলিশি পদক্ষেপ:
পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। অভিজিৎ দাস জানিয়েছেন, এটি কেবল শুরু। প্রতিটি থানায় তিনি এই দুর্নীতির বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ মে বিধ্বংসী আমফান ঘূর্ণিঝড়ে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অঞ্চলগুলো কার্যত তছনছ হয়ে গিয়েছিল। সেই সময় থেকেই ত্রাণ বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে আসছে বিরোধী দলগুলি। এবার সেই অভিযোগ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।