হরিদ্বারে বিপাকে ইমরান হাশমি! শুটিং সেটে ‘বার’ লেখা সাইনবোর্ড ঘিরে তুলকালাম কাণ্ড

শুটিং করতে গিয়ে ফের বিতর্কের মুখে অভিনেতা ইমরান হাশমি। বর্তমানে নতুন ছবির শ্যুটিংয়ের জন্য উত্তরাখণ্ডের হরিদ্বারে রয়েছেন অভিনেতা। তবে ক্যামেরা-লাইট-অ্যাকশনের মাঝে ছবির গল্পের চেয়েও বেশি শিরোনামে উঠে এল এক অনাকাঙ্ক্ষিত বিতর্ক। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি সিনেমার সেটের ‘সাইন বোর্ড’।
ঠিক কী ঘটেছে হরিদ্বারে?
সূত্রের খবর, হরিদ্বারের পবিত্রতা ও ধর্মীয় গুরুত্বের কথা মাথায় না রেখে ছবির প্রয়োজনে একটি কৃত্রিম রেস্তোরাঁ তৈরি করেছিলেন নির্মাতারা। সেই রেস্তোরাঁর বাইরে লাগানো সাইনবোর্ডে লেখা ছিল ‘ক্যাফে অ্যান্ড বার’। হরিদ্বারের মতো একটি তীর্থস্থানে ‘বার’ শব্দটির ব্যবহার স্থানীয় বাসিন্দাদের একাংশের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ ওঠে।
মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এবং ঘটনাস্থলে বিক্ষোভ প্রদর্শনের ঘটনাও ঘটে। যদিও সেই সময় অভিনেতা ইমরান হাশমিকে ঘটনাস্থলে দেখা যায়নি। অশান্তি এড়াতে শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষী এবং প্রযোজনা সংস্থার সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয়দের দাবি, হরিদ্বার কোটি কোটি মানুষের বিশ্বাসের জায়গা, তাই সেখানে এমন শব্দের ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
চুপ নির্মাতারা
এই ঘটনায় শোরগোল পড়লেও, এখনও পর্যন্ত অভিনেতা ইমরান হাশমি বা ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। শুটিং কি এই বিতর্কের কারণে স্থগিত রাখা হবে, নাকি সাইনবোর্ড পরিবর্তন করা হবে— তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
কাজ ও ব্যক্তিগত জীবনের লড়াই
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে পুরোদমে ফিরেছেন ইমরান হাশমি। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘আওয়ারাপান ২’। এ ছাড়াও তাঁর হাতে রয়েছে ‘জি ২’-এর মতো বড় প্রজেক্ট।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘আওয়ারাপান ২’-এর শুটিং চলাকালীন রাজস্থানে বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেতা। পেটের পেশিতে গুরুতর চোট ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ফের কাজ শুরু করতেই ফের হরিদ্বারে নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেতা। এখন দেখার, এই বিতর্ক কাটিয়ে শুটিং কবে স্বাভাবিক ছন্দে ফেরে।