‘সুন্দরীর দিদি’ সায়নী নেই, শোকাতুর প্রাণীরাও! মেয়ের স্মৃতি আঁকড়ে বাঁচার লড়াই মায়ের

সোশ্যাল মিডিয়ার অত্যন্ত পরিচিত মুখ সায়নী চক্রবর্তী, যিনি নেটিজেনদের কাছে ‘সুন্দরীর দিদি’ হিসেবেই পরিচিত ছিলেন। তাঁর অকাল প্রয়াণের যন্ত্রণা এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার। সম্প্রতি এক আবেগঘন ভিডিও বার্তায় সায়নীর মা মলি চক্রবর্তী জানালেন, মেয়ের চলে যাওয়ার পর থেকে তাঁদের পরিবারে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে।
ভিডিওতে মলি চক্রবর্তী বলেন, পরিবারের প্রতিটি কোণে এখনও যেন সায়নীর উপস্থিতি অনুভব করেন তাঁরা। তবে শুধু পরিবার নয়, সায়নীর অবর্তমানে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে তাঁর পরম যত্নে গড়ে তোলা অবলা প্রাণীরা। মলিদেবীর দাবি, সায়নীর মৃত্যুর পর থেকে বেশ কিছু প্রাণী খাওয়া-দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। এমনকি শোক সইতে না পেরে বয়সজনিত কারণে একটি প্রাণীর মৃত্যুও হয়েছে, যা পরিবারটিকে আরও ভেঙে দিয়েছে।
বিশেষ করে সায়নীর সবচেয়ে কাছের সঙ্গী ‘সুন্দরী’র কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মলিদেবী। তিনি জানান, সায়নীকে না পেয়ে সুন্দরী আর আগের মতো নেই, ঠিকমতো খাবারও খাচ্ছে না। দীর্ঘদিন সায়নীর ছায়ায় থাকা এই প্রাণীগুলোর এমন দশা দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
অর্থনৈতিক সংকটে প্রাণীদের ভবিষ্যৎ
সায়নী বেঁচে থাকাকালীন তাঁর তৈরি ভিডিও থেকে যে আয় হতো, তা দিয়েই প্রাণীদের খাবার ও চিকিৎসার খরচ চলত। কিন্তু সায়নী চলে যাওয়ায় সেই আয়ের উৎস এখন বন্ধ। ফলে এতগুলো প্রাণীর দায়িত্ব সামলানো পরিবারের পক্ষে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তবে সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও ভেঙে পড়তে রাজি নন সায়নীর মা। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, প্রাণীগুলোর মুখের দিকে তাকিয়েই শোক কাটিয়ে আবার নতুন করে লড়াই শুরু করতে চান তিনি। এই কঠিন সময়ে যে সমস্ত মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং তাঁদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মলি চক্রবর্তী।