‘পালিয়ে বিয়ের শাস্তি!’ জীর্ণ ঘরের ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া, নেটিজেনদের মধ্যে বিভক্তি

বর্তমান সময়ে রিলস বা ভিডিও তৈরির নেশায় গা ভাসিয়েছেন অনেকেই। এই ভার্চুয়াল দুনিয়ায় কখনও জাঁকজমকপূর্ণ জীবনের ছবি দেখা যায়, আবার কখনও উঠে আসে কঠোর বাস্তবের চিত্র। সম্প্রতি ইন্টারনেটে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের দু’ভাগে বিভক্ত করে দিয়েছে।
ভিডিওতে যা দেখা যাচ্ছে
ভাইরাল হওয়া ভিডিওটিতে এক তরুণীকে একটি জীর্ণ ইটের দেওয়ালে ঘেরা এবং কাঁচা কাঠের ছাউনিযুক্ত ঘরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ভিডিওর শুরুতেই তরুণীকে বলতে শোনা যায়, “পালিয়ে বিয়ে করার এটাই শাস্তি।” এরপর তিনি ঘরটির ভঙ্গুর অবস্থা দেখিয়ে আরও বলেন, “যদি পালিয়ে বিয়ে করে থাকো, তাহলে কষ্ট তো পেতেই হবে।” ভিডিওর এক পর্যায়ে ক্যামেরার নেপথ্যে থাকা তাঁর স্বামী ছাদের দিকে ইঙ্গিত করে জানান, সেটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। জবাবে তরুণীটি জানান, বাড়ি ফেরার পথও বন্ধ, কারণ পরিবার তাদের গ্রহণ করবে না বা প্রাণনাশের হুমকি রয়েছে।
বিতর্কের সূত্রপাত
এক্স (সাবেক টুইটার)-এ @RealNainaSingh নামের একটি হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার হওয়ার পর তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ভিডিওটি ইতিমধ্যে ৬ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। ভিডিওর বিষয়বস্তু নিয়ে মন্তব্য করতে গিয়ে নেটিজেনদের একাংশ দম্পতির প্রতি সমবেদনা জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, “ভালোবাসার জন্য মানুষকে কত কিছুই না সহ্য করতে হয়।”
অন্যদিকে, নেটিজেনদের একটি বড় অংশ এই ভিডিওটিকে ‘রিলবাজি’ বা স্রেফ পাবলিসিটি পাওয়ার কৌশল বলে কটাক্ষ করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “এরা স্রেফ ভিউ পাওয়ার জন্য সবাইকে বোকা বানাচ্ছে, এদের ফাঁদে পা দেবেন না।” কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, বিয়ের আগে বাবা-মায়ের কথা ভেবে দেখা উচিত ছিল কি না।
সত্য নাকি কেবলই রিল?
এটি কোনো দম্পতির জীবনের আসল লড়াই, নাকি ইন্টারনেটে পরিচিতি পাওয়ার জন্য তৈরি একটি পরিকল্পিত ভিডিও— তা নিয়ে ধন্দ কাটেনি। ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব না হলেও, সমাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের ঘটনা যে দীর্ঘ বিতর্কের জন্ম দেয়, তা আবারও প্রমাণ হলো।