রাজ্যে আসছে বর্ষা! উত্তরবঙ্গে রেড অ্যালার্ট, দক্ষিণবঙ্গে কবে স্বস্তি? জেনে নিন লেটেস্ট আপডেট

রাজ্যে বর্ষা প্রবেশের দোড়গোড়ায় দাঁড়িয়ে সুখবর শোনাল মৌসম ভবন। উত্তরবঙ্গ ও সিকিমে নির্ধারিত সময়ের আগেই মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে। আগামী ২-৩ দিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষার পূর্ণাঙ্গ আগমন ঘটবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বর্ষার আগমণী বার্তার পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা।

উত্তরবঙ্গে ‘রেড অ্যালার্ট’
উত্তরবঙ্গে বর্ষা দ্রুত গতিতে এগোচ্ছে। মৌসুমী বায়ুর আগমনে সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গের ওপর দুর্যোগের ঘনঘটা। আজ, সোমবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য ‘রেড অ্যালার্ট’ বা লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে দুই দিনাজপুরেও বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গে প্যাচপ্যাচে গরম, কবে বদলাবে পরিস্থিতি?
উত্তরবঙ্গে স্বস্তির বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গের বাসিন্দাদের অস্বস্তি এখনই কাটছে না। আপাতত তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে বিকেলের পর কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী বুধবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। সেদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে বীরভূম, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের দাপট বেশি থাকতে পারে। বুধবার থেকে কলকাতাতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০-৫০ কিলোমিটার থাকতে পারে।

মৎস্যজীবীদের সতর্কবার্তা
বঙ্গোপসাগরের উত্তাল পরিস্থিতির কথা মাথায় রেখে কড়া নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন, তাদের দ্রুত কূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।