মাটনের একঘেয়েমি কাটাতে চান? বাড়িতেই বানিয়ে ফেলুন রাজকীয় স্বাদের ‘মাটন ডালচা’, জেনে নিন সহজ রেসিপি

বাড়িতে অতিথি এসেছে, অথচ মেনুতে একটু ভিন্ন কিছু রাখতে চাইছেন? মাটনের সাধারণ ঝোল বা কষা খেয়ে যদি একঘেয়েমি এসে গিয়ে থাকে, তবে ঝটপট বানিয়ে ফেলতে পারেন রাজকীয় স্বাদের ‘মাটন ডালচা’। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই এর স্বাদ অতুলনীয়। দেখে নিন রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ:
খাসির মাংস: ৫০০ গ্রাম
ছোলার ডাল: ২৫০ গ্রাম
আদা বাটা: ১ চা চামচ, রসুন বাটা: ২ চা চামচ
পেঁয়াজ: ২টি (মিহি করে কাটা)
গোটা মশলা: লবঙ্গ (৬টি), ছোট এলাচ (৪টি), বড় এলাচ (২টি), দারচিনি (২ টুকরো), তেজপাতা (১টি)
মশলা: গোটা ধনে (দেড় চা চামচ), লঙ্কা গুঁড়ো (১ চা চামচ), হলুদ গুঁড়ো (আধ চা চামচ)
অন্যান্য: তেঁতুলের ক্বাথ (১ টেবিল চামচ), ঘি (২ টেবিল চামচ), কারিপাতা (১০-১২টি), পুদিনাপাতা (৫-৬টি), ধনেপাতা (একমুঠো), কাঁচালঙ্কা (২টি), নুন (পরিমাণমতো)
প্রস্তুত প্রণালী:
১. ডাল প্রস্তুতি: প্রথমে ছোলার ডাল ভালো করে ধুয়ে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এরপর সামান্য নুন ও হলুদ দিয়ে প্রেশার কুকারে ডালটি সেদ্ধ করে নিন।
২. মশলা কষানো: কড়াইতে ঘি গরম করুন। এতে গোটা মশলাগুলো ফোরন দিন। এরপর কুচানো পেঁয়াজ দিয়ে লালচে-বাদামি করে ভাজুন। এবার আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে থাকুন।
৩. রান্না: মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মাংস দিয়ে দিন। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং গোটা ধনে দিয়ে মাংসটি ভালোভাবে কষিয়ে নিন।
৪. ফাইনাল টাচ: মাংস কষানো হলে সেদ্ধ করা ছোলার ডাল ও দু’কাপ উষ্ণ জল দিয়ে দিন। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। ঝোল খুব ঘন মনে হলে সামান্য জল যোগ করতে পারেন।
৫. পরিবেশন: মাংস সেদ্ধ হয়ে এলে উপর থেকে তেঁতুলের ক্বাথ, কারিপাতা, ধনেপাতা ও পুদিনাপাতা কুচি ছড়িয়ে দিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু মাটন ডালচা।