নিত্যপণ্যের দামের মাঝে সুখবর! এক ধাক্কায় পেট্রোলের দাম কমল ৪ টাকা, জানুন নতুন দর

বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের বাজারদর নিয়ে যখন অস্থিরতা তুঙ্গে, ঠিক সেই সময়েই সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এল পাকিস্তান সরকার। প্রতি শুক্রবারের দাম পর্যালোচনা প্রক্রিয়ার অংশ হিসেবে এবার পেট্রোলের দাম লিটার প্রতি ৪ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।
পেট্রোলের নতুন দাম কত?
সরকারি তথ্য অনুযায়ী, পাকিস্তানে পেট্রোলের এক্স-ডিপো মূল্য ছিল প্রতি লিটারে ৩৮১.৭৮ রুপি। ৪ টাকা কমানোর ফলে এখন তা দাঁড়িয়েছে ৩৭৭.৭৯ রুপিতে। বিগত কয়েক সপ্তাহে সব মিলিয়ে দেশটিতে পেট্রোলের দাম প্রায় ৩৭ রুপি পর্যন্ত হ্রাস পেয়েছে।
ডিজেলের কী অবস্থা?
পেট্রোলের দাম কমলেও হাই-স্পিড ডিজেলের (HSD) ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আনেনি শাহবাজ শরিফ সরকার। হাই-স্পিড ডিজেলের এক্স-ডিপো মূল্য ৩৮০.৭৮ রুপিতেই অপরিবর্তিত রাখা হয়েছে। উল্লেখ্য, ১০ এপ্রিল ডিজেলের দাম সর্বোচ্চ ৫২০.৩৫ রুপিতে পৌঁছেছিল। অর্থাৎ, সেই সময়ের তুলনায় বর্তমানে ডিজেলের দাম লিটারে ১৪০ রুপিরও বেশি কমেছে।
ডিজেল কেন গুরুত্বপূর্ণ?
উল্লেখ্য যে, পাকিস্তানে পণ্য পরিবহনের মূল মাধ্যম হলো হাই-স্পিড ডিজেল। ফলে একে মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হিসেবে দেখা হয়। বর্তমানে সরকার কাস্টমস ডিউটি, পেট্রোলিয়াম লেভি এবং ক্লাইমেট সাপোর্ট লেভি মিলিয়ে ডিজেলের ওপর প্রতি লিটারে প্রায় ১০০ রুপি কর ধার্য করে থাকে।
উল্লেখ্য, গত সপ্তাহেই পাকিস্তান সরকার পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের দাম লিটার প্রতি ২২ টাকা করে কমিয়েছিল। পেট্রোল ও এইচএসডি (HSD) থেকে পাকিস্তানের মাসিক রাজস্ব আয়ের বড় একটি অংশ আসে, যেখানে মাসিক বিক্রির পরিমাণ ৭ থেকে ৮ লাখ টনের কাছাকাছি। কেরোসিন বা লাইট ডিজেল অয়েলের তুলনায় এই দুই জ্বালানির চাহিদা ও প্রভাব সে দেশে বহুগুণ বেশি।