বাগানে কাজ করার ‘অপরাধ’! দা দিয়ে এলোপাথাড়ি কোপানো হলো সিপিএম কর্মীকে, উত্তপ্ত বারুইপুর

ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। শনিবার বিকেলে বারুইপুর থানার অন্তর্গত ধপধপি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুঁটিবেড়িয়া এলাকায় এক সিপিএম কর্মীকে দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই কর্মীকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণ:
আক্রান্ত সিপিএম কর্মীর নাম আবদুল হাই মণ্ডল। পরিবারের অভিযোগ, শনিবার বিকেলে তিনি বাড়ির কাছে নিজের বাগানে গিয়েছিলেন। সেখানে তিনি দেখেন, পাশের বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েত এলাকার তিন দুষ্কৃতী—হাবিবুর গাজী, সাইফুল শেখ ও মুস্তাক শেখ সহ বেশ কয়েকজন ব্যক্তি বাগান থেকে বেরিয়ে আসছে। তাদের পরিচয় জানতে চেয়ে আবদুল প্রশ্ন করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ, মুহূর্তের মধ্যেই রড ও দা নিয়ে তাঁর ওপর চড়াও হয় ওই দুষ্কৃতীরা।
শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত:
প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীরা আবদুলের মুখ, কান, ঘাড় ও কোমরে দা দিয়ে এলোপাথাড়ি কোপ মারে। যন্ত্রণায় আর্তনাদ করে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দেয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, আবদুলের আঘাত গুরুতর এবং তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
পুলিশি তৎপরতা ও রাজনৈতিক চাপানউতোর:
ঘটনার খবর চাউর হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। রাতেই হাসপাতালে ভিড় জমান বারুইপুর পশ্চিম বিধানসভার সিপিএম ও বিজেপি নেতৃত্ব। দুই দলের তরফেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্তরা এখনও অধরা। স্থানীয়দের দাবি, এলাকায় ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে, কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।