‘আত্মনির্ভর ভারত নিয়ে উপহাস করে হতাশাবাদীরা’, সুরাট থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ মোদীর

গুজরাটের সুরাতে এক জনসভা থেকে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন, এক শ্রেণির ‘হতাশাবাদী’ মানুষ রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য প্রতিনিয়ত ‘আত্মনির্ভর ভারত’ অভিযানকে উপহাস করছেন।

‘নির্ভরশীলতার রাজনীতি’ নিয়ে তোপ প্রধানমন্ত্রী বলেন, “দেশকে অন্য দেশের ওপর নির্ভরশীল করে রাখাই কংগ্রেসের অভ্যাসে পরিণত হয়েছিল। তারা ভুলে যায়, অপরের ওপর নির্ভরশীল কোনো দেশই উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে না।” প্রধানমন্ত্রী আরও বলেন, কংগ্রেস গত এক দশকেরও বেশি সময় ধরে দেশে কেবল বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা ছড়ানোর চেষ্টা করেছে, কিন্তু দেশের মানুষ বারবার তাদের যোগ্য জবাব দিয়েছে।

নির্বাচনী ব্যর্থতার খতিয়ান হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবের সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির প্রসঙ্গ টেনে মোদী বলেন, “কংগ্রেস যেখানেই ক্ষমতায় রয়েছে, সেখানকার জনগণ তাদের দুঃশাসনে অতিষ্ঠ। হিমাচল প্রদেশ থেকে পাঞ্জাব—জনগণ সব জায়গাতেই কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। বিশৃঙ্খলা তৈরির রাজনীতি আর চলবে না।”

বিজেপির ওপর আস্থার জয়গান সুরাটের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোদী বলেন, আড়াই দশকেরও বেশি সময় ধরে সুরাটের মানুষ বিজেপির ওপর ধারাবাহিকভাবে আস্থা রেখেছেন। তিনি বলেন, “সম্প্রতি গুজরাটের জেলা পরিষদ, তালুকা পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনে মানুষ আমাদের যে আশীর্বাদ দিয়েছেন, তা আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আজ আমি গর্বিত যে, আপনারা আমার নিজের রেকর্ডও ভেঙে দিয়েছেন।”

সাফল্যের মূলমন্ত্র: উন্নয়ন নিজের সাম্প্রতিক পাঁচটি দেশ সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সেখানেও আলোচনার কেন্দ্রে ছিল ভারত। তিনি বলেন, “বাংলা, আসাম ও পুদুচেরির নির্বাচনী ফলাফল প্রমাণ করেছে যে, দেশের মানুষ বিজেপি এবং এনডিএ-র উন্নয়নমূলক কাজের ওপর কতটা ভরসা করে। আমাদের সরকারের কাছে দেশের উন্নয়নই সর্বোচ্চ অগ্রাধিকার।”

সংকটের মোকাবিলায় অটল ভারত কোভিড-১৯ পরবর্তী বিশ্ব পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান দশকটি বিশ্বের জন্য নানা সংকটে ভরা। তবে ভারত সব কঠিন পরিস্থিতির মোকাবিলা দৃঢ়তার সঙ্গে করছে। প্রধানমন্ত্রীর মতে, আত্মনির্ভর ভারত গড়ে তোলার মাধ্যমেই ভারত বিশ্বমঞ্চে নিজের যোগ্য স্থান করে নিচ্ছে।