পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ, জেনেনিন কী কী?

স্মার্টফোন আমাদের ব্যক্তিগত ও আর্থিক তথ্যের এক বিশাল ভাণ্ডার। ছবি, ভিডিও থেকে শুরু করে ব্যাংকিং ডিটেইলস—সবই জমা থাকে এই ডিভাইসে। তাই নতুন ফোন কেনার আনন্দে পুরোনো ফোনটি বিক্রি করার আগে অত্যন্ত সতর্ক হওয়া জরুরি। সামান্য অসাবধানতায় আপনার গুরুত্বপূর্ণ তথ্য অন্যের হাতে চলে যেতে পারে। পুরোনো ফোন বিক্রির আগে যে ৬টি ধাপ অনুসরণ করা বাধ্যতামূলক:

১. সম্পূর্ণ ব্যাকআপ নেওয়া: বিক্রির আগে সব ছবি, ভিডিও, কনট্যাক্ট নম্বর ও দরকারি নথিপত্র গুগল ড্রাইভ (অ্যান্ড্রয়েড) বা আইক্লাউড (আইফোন)-এ ব্যাকআপ নিয়ে নিন। কম্পিউটারেও এই ফাইলগুলো সরিয়ে রাখতে পারেন।

২. সব অ্যাকাউন্ট থেকে সাইন আউট: ফোন বিক্রির আগে গুগল অ্যাকাউন্ট, অ্যাপল আইডি, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অবশ্যই লগআউট করুন। এটি না করলে নতুন ব্যবহারকারী ডিভাইসটি অ্যাক্সেস করতে সমস্যায় পড়বেন এবং আপনার তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হবে।

৩. আর্থিক ও ব্যাংকিং তথ্য মুছে ফেলা: মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ওয়ালেট (যেমন—UPI অ্যাপ) বা ক্রোম ব্রাউজারে সংরক্ষিত পাসওয়ার্ড ও কার্ডের তথ্য অবশ্যই ডিলিট করুন। অ্যাপগুলো থেকে সেশন লগআউট করা সবচেয়ে জরুরি।

৪. মেমোরি কার্ড ও সিম কার্ড সরানো: অনেক সময় আমরা ফোনের ইন্টারনাল মেমোরির পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করি। বিক্রির আগে অবশ্যই সিম ও মেমোরি কার্ড খুলে নিতে ভুলবেন না।

৫. ফ্যাক্টরি রিসেট (সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ): সব তথ্য ব্যাকআপ নেওয়া হয়ে গেলে ফোনের সেটিংস থেকে ‘ফ্যাক্টরি রিসেট’ বা ‘ইরেজ অল ডেটা’ অপশন বেছে নিন। এতে ফোনের সমস্ত ডেটা চিরতরে মুছে গিয়ে ডিভাইসটি নতুনের মতো হয়ে যাবে।

৬. পুনরায় যাচাই করা: ফ্যাক্টরি রিসেট হওয়ার পর ফোনটি একবার অন করে নিশ্চিত হয়ে নিন যে কোনো ছবি, ফাইল বা অ্যাকাউন্ট অবশিষ্ট আছে কি না। কয়েক মিনিটের এই ছোট্ট পরীক্ষাটি আপনাকে বড় ধরনের সাইবার অপরাধ বা তথ্য চুরির ঝুঁকি থেকে রক্ষা করবে।

নতুন ফোন কেনার পাশাপাশি নিজের ডিজিটাল নিরাপত্তার দায়িত্ব আপনার নিজের হাতেই। তাই বিক্রির আগে তাড়াহুড়ো না করে এই ধাপগুলো অনুসরণ করা অত্যন্ত প্রয়োজনীয়।