সূর্যকুমারকে সরানোর ছক? বিসিসিআইকে কড়া বার্তা প্রাক্তন প্রধান নির্বাচকের

ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্ব থেকে কি সরিয়ে দেওয়া হবে সূর্যকুমার যাদবকে? নতুন অধিনায়ক হিসেবে কি উঠে আসছে শ্রেয়স আইয়ারের নাম? সাম্প্রতিক এই জল্পনায় জল ঢেলে বিসিসিআই-কে সতর্কবার্তা দিলেন ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ। তাঁর সাফ কথা, এই মুহূর্তে সূর্যকে সরিয়ে দেওয়া হবে চূড়ান্ত ভুল সিদ্ধান্ত।

শনিবার মুম্বইতে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক। সেখানে আয়ারল্যান্ড সিরিজের (২৬ ও ২৮ জুন) জন্য দল নির্বাচন এবং ইংল্যান্ড সফরের (১-১১ জুলাই) ব্লু-প্রিন্ট নিয়ে আলোচনা হবে। সেই বৈঠকেই সূর্যকুমারের ভবিষ্যৎ নির্ধারণের সম্ভাবনা রয়েছে।

কেন সূর্যকে সরাতে বারণ করছেন প্রসাদ? প্রাক্তন মুখ্য নির্বাচক মনে করেন, সদ্য দেশকে বিশ্বকাপ জেতানোর পর সূর্যকুমারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে চরম অবিচার। তিনি বলেন, “যদি আয়ারল্যান্ডে পূর্ণশক্তির দল পাঠানো হয়, তবে সূর্যকুমারকে এড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই। যে অধিনায়ক সদ্য বিশ্বসেরা করেছে, তাকে হঠাৎ সরিয়ে দিলে দলের অন্দরে অত্যন্ত নেতিবাচক বার্তা যাবে।”

নতুন লিডার তৈরির পরামর্শ সূর্যকুমারের সাম্প্রতিক ফর্ম যে ভালো নয়, তা স্বীকার করেও প্রসাদ ধৈর্য ধরার পক্ষপাতী। তাঁর মতে, আগামী ৫-৬ মাসের মধ্যে ভারতীয় দলকে নতুন লিডারশিপ গ্রুপের দিকে তাকাতে হবে। প্রসাদ বলেন, “আমি মানছি গত দেড় বছর সূর্যের ফর্ম ভালো যাচ্ছে না। রজত পতিদারের মতো তরুণরা দরজায় কড়া নাড়ছে। তবে এই মুহূর্তে সূর্যকে সরিয়ে দিলে হিতে বিপরীত হতে পারে। বরং সূর্যের ডেপুটি হিসেবে কাউকে তৈরি করা হোক। সূর্যকে আরও কয়েকটা সিরিজ সময় দেওয়া উচিত। এরপরও উন্নতি না হলে তার ডেপুটিকে দায়িত্ব তুলে দেওয়া যেতে পারে।”

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারত ‘এ’ দল গঠনের প্রক্রিয়াতেও এই বৈঠকের গুরুত্ব অপরিসীম। এখন দেখার, নির্বাচকরা কি আবেগ আর যুক্তির ভারসাম্য বজায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেন, নাকি বড় কোনো রদবদলই অপেক্ষা করছে ভারতীয় ক্রিকেটে?