TMC-র ১৫০ জন প্রাক্তন মন্ত্রী-বিধায়কের লিস্ট তৈরি, শুরু হবে ধরপাকড়?

ক্ষমতার পালাবদলের পর থেকেই বড়সড় বিপাকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা ও জনপ্রতিনিধিরা। সূত্রের খবর, দুর্নীতির অভিযোগে জর্জরিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রায় ১৫০ জন প্রাক্তন মন্ত্রী, বিধায়ক ও শীর্ষ স্থানীয় নেতার বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিতে চলেছে রাজ্য পুলিশ প্রশাসন।

তালিকায় ১৫০ হেভিওয়েট নেতা প্রশাসন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন থানায় জমা পড়া অজস্র অভিযোগ খতিয়ে দেখে একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে প্রায় ১৫০ জন প্রাক্তন মন্ত্রী ও বিধায়কের। তাঁদের বিরুদ্ধে জমি দখল, সরকারি প্রকল্পের অর্থ তছরুপ, ১০০ দিনের কাজের টাকা নয়ছয় এবং অবৈধ বালি-কয়লা ব্যবসার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া, চাকরি দেওয়ার নামে বিপুল অর্থ হাতানোর অভিযোগও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এবার সরাসরি নিশানায় শীর্ষ নেতৃত্ব প্রশাসনিক সূত্রের খবর, এতদিন পর্যন্ত অনেক ক্ষেত্রে তদন্তের সময় শীর্ষ নেতাদের নাম এফআইআর (FIR)-এ এড়িয়ে যাওয়া হয়েছিল বা শুধুমাত্র তাঁদের ঘনিষ্ঠ মহলের ওপর নজর রাখা হয়েছিল। কিন্তু এবার সেই ধারা বদলাচ্ছে। সরকারের কড়া নির্দেশ, দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত গ্রেপ্তার বা ধরপাকড় শুরু করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

কড়া বার্তার নেপথ্যে কি কোনো বিশেষ বার্তা? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন সরকার গঠনের পর থেকেই দুর্নীতি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই তালিকা প্রকাশ তারই প্রথম পদক্ষেপ। দীর্ঘদিন ধরে যে সংগঠিত সিন্ডিকেট ও দুর্নীতির জাল রাজ্যে তৈরি হয়েছিল, তা ভেঙে দেওয়াই এখন প্রশাসনের মূল লক্ষ্য।

ভবিষ্যতে অভিযোগের পাহাড় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন দেখার, পুলিশি তদন্তের এই গতি কোন কোন রাঘববোয়ালকে জালে জড়ায়।