NEET UG প্রশ্ন ফাঁস: জেলে বসেই পরীক্ষার প্রস্তুতি! অভিযুক্তের অদ্ভুত আবদারে তোলপাড় আদালত

নিট ইউজি (NEET UG) প্রশ্নপত্র ফাঁস মামলায় ধৃত অভিযুক্তদের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও বাড়াল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। মঙ্গলবার (২ জুন) মামলার শুনানির পর আদালত অভিযুক্তদের আগামী ১৫ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

জেলে বসেই কি পরীক্ষার প্রস্তুতি?
এই মামলার অন্যতম অভিযুক্ত যশ যাদবের একটি আবেদন ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। আদালতে যশ দাবি করেছে, তাকে যেন জেল হেফাজতে থাকাকালীন বইপত্র রাখার অনুমতি দেওয়া হয়। তার লক্ষ্য আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী নিট ইউজি পরীক্ষায় বসা। প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িয়ে থেকেও কীভাবে ফের পরীক্ষায় বসার সাহস দেখাচ্ছে অভিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। যদিও আদালত এই বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।

সিবিআইয়ের জালে নতুন দুই পান্ডা
এদিকে, প্রশ্ন ফাঁসের এই বিশাল চক্র ভাঙতে তৎপর সিবিআই। দেশের বিভিন্ন প্রান্তে (মহারাষ্ট্র, হরিয়ানা ও রাজস্থান) জোরকদমে চলছে তদন্ত। সম্প্রতি এই মামলায় লাতুরের এক চিকিৎসক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই সূত্রের খবর, অভিযুক্ত ডা. শিরুরে তিনজন ছাত্রকে রসায়ন পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র সরবরাহ করেছিলেন। ধৃতদের মধ্যে একজন আবার একটি কোচিং সেন্টারের পরিচালকের ছেলে।

তদন্তে আরও উঠে এসেছে পি.ভি. কুলকার্নির নাম, যার কাছ থেকেই মূল প্রশ্নপত্রগুলো সংগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ। এছাড়াও পুনের ড. অভঙ্গ প্রভু মেডিকেল একাডেমির (APMA) পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদকুমার শাহকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। তেজস মনীষা হাবলদার নামে আরেক অভিযুক্তের কাছ থেকে পদার্থবিজ্ঞানের ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

দেশজুড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের সঙ্গে জড়িত এই সংবেদনশীল মামলায় সিবিআই তদন্তের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত হয়, এখন সেটাই দেখার।