“এটা কর্মের ফল…”-অভিষেকের উপর হামলা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি বিধায়ক রত্না

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে ঘটনার দায় সরাসরি অভিষেকের ওপর চাপিয়ে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করলেন আরজি কর নির্যাতিতার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা ঘটেছে, তা কেবলই তাঁর ‘কর্মের ফল’।
সোনারপুরের ঘটনায় রত্নার নিশানায় অভিষেক কিছুদিন আগে তৃণমূলের এক কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেখানে তাঁকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয় এবং ইটের পাশাপাশি ডিম ছুড়ে মারা হয়। সেই ঘটনায় তৃণমূল বিজেপির দিকে আঙুল তুললেও, রত্না দেবনাথ কার্যত বিক্ষোভকারীদের পক্ষ নিয়েছেন। তিনি বলেন, ‘‘অভিষেকের ত্বক ও চুলের যত্ন নেওয়ার জন্য সোনারপুরের মানুষকে ধন্যবাদ। ডিম মেখে ওঁকে আরও সিল্কি করে দিয়েছে!’’
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার কেবল অভিষেক নয়, রত্না দেবনাথের নিশানায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আরজি কর কাণ্ডের উল্লেখ করে তিনি ফের তৎকালীন মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। রত্নার অভিযোগ, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন তিনি রাত দুটো পর্যন্ত তৎকালীন পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছিলেন। আমার মেয়ের মৃতদেহ রাখতে না দেওয়ার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই দায়ী।’’
নিজের মেয়ের স্মৃতিচারণ করতে গিয়ে বিধায়ক বলেন, ‘‘আমি জানি না আমার মেয়ের আত্মা শান্তি পাবে কি না। তবে আমি অন্তত স্বস্তি পাচ্ছি যে, ‘ডায়মন্ড কুইন’-কে (মমতা বন্দ্যোপাধ্যায়) নবান্ন থেকে নামাতে পেরেছি। আমি আগেই বলেছিলাম, ওর চুল টেনে নামাব। সেই লক্ষ্যের দিকেই আমরা ধীরে ধীরে এগোচ্ছি।’’
‘পাপের শাস্তি সবাইকেই পেতে হয়’ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রত্না দেবনাথ বলেন, ‘‘সবাইকেই নিজের পাপের শাস্তি পেতে হয়। আমার পরিবার কারও কোনো ক্ষতি করেনি। আমি এখন সব দুর্নীতি ও অপকর্মের পর্দা ফাঁস করব।’’
সোনারপুরের ঘটনা নিয়ে তৃণমূল যেখানে বিজেপির বিরুদ্ধে ‘পরিকল্পিত হামলার’ অভিযোগ তুলছে, সেখানে রত্না দেবনাথের এই মন্তব্য রাজনৈতিক চাপানউতোরকে আরও এক নতুন উচ্চতায় নিয়ে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের সংঘাত যে ভবিষ্যতে আরও তীব্র হতে চলেছে, তা বলাই বাহুল্য।