২৭ কোটির ব্যর্থতা! পন্থ-অধ্যায় শেষ, লখনউয়ের ক্যাপ্টেন পদ থেকে ইস্তফা ঋষভের

আইপিএলের ইতিহাসে অন্যতম দামী ক্রিকেটার হয়েও লখনউ সুপার জায়ান্টসের (LSG) জার্সিতে ব্যর্থতার ছবিটাই শেষ পর্যন্ত বড় হয়ে দেখা দিল। চলতি মরশুমে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকে লিগ শেষ করার পর, লখনউয়ের অধিনায়কের পদ থেকে ইস্তফা দিলেন ঋষভ পন্থ। শুক্রবার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগের বিষয়টি জানানো হয়েছে।
‘ফ্লপ শো’ এবং দায় স্বীকার ২৭ কোটি টাকার বিশাল মূল্যে লখনউ দলে ভিড়িয়েছিল ঋষভ পন্থকে। ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু মাঠে তাঁর পারফরম্যান্স ছিল একেবারেই সাদামাটা। অধিনায়ক হিসেবেও দলকে সাফল্যের মুখ দেখাতে তিনি ব্যর্থ হয়েছেন। লিগ টেবিলে সবার নিচে শেষ করা এবং টানা প্লে-অফে উঠতে না পারার নৈতিক দায়ভার নিয়ে পন্থ নিজেই নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে অনুরোধ জানান বলে জানিয়েছে এলএসজি। ফ্র্যাঞ্চাইজি অবিলম্বে তাঁর অনুরোধ মেনে নিয়েছে।
সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন? ক্রিকেটমহলে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে পন্থের সম্পর্কের সমীকরণ খুব একটা ভালো যাচ্ছিল না। আগেও দেখা গেছে গোয়েঙ্কার অধীনে থাকা অধিনায়কদের সঙ্গে সম্পর্কের শীতলতা। পন্থের ক্ষেত্রেও যে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটল, তা তাঁর পদত্যাগ থেকেই পরিষ্কার। অধিনায়ক হিসেবে দলের অন্দরের পারফরম্যান্স এবং মাঠের বাইরের চাপ—সব মিলিয়ে পন্থের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল।
লখনউয়ের ভবিষ্যৎ কি? অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ার পর লখনউয়ের পরবর্তী ক্যাপ্টেন কে হবেন, তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা। চলতি মরশুমে দলের হতশ্রী পারফরম্যান্সের পর, আগামী বছরের নিলামের আগে লখনউয়ের ম্যানেজমেন্টকে নতুন করে ঘর সাজাতে হবে। এখন প্রশ্ন উঠছে, ঋষভ কি কেবল অধিনায়কত্ব ছাড়লেন, নাকি আগামী মরসুমে লখনউয়ের জার্সি গায়ে তাঁকে আর দেখা যাবে না?
এক কথায়, আইপিএলের অন্যতম বড় হাইপ্রোফাইল চুক্তি যে মাঠে মারা গেল, ঋষভের এই পদত্যাগ তারই চূড়ান্ত সিলমোহর।