‘ও বিয়ে করেছে আমার বউকে, তাই আমি বিয়ে করলাম ওর বউকে’, দুই দম্পতির অদলবদলে তোলপাড় ময়নাগুড়ি

রাজনৈতিক ক্ষমতার পালাবদল বা সিনেমার চিত্রনাট্যের মতোই এবার বাস্তব জীবনে ঘটল এক অদ্ভুত ‘বউ বদল’! সোশ্যাল মিডিয়ার হাত ধরে গড়ে ওঠা সম্পর্কে এমন মোড় আসতে পারে, তা কল্পনাও করতে পারেননি ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।

কীভাবে ঘটল এই ঘটনা?
সূত্র মারফত জানা গেছে, ফালাকাটার এক ব্যক্তি এবং ময়নাগুড়ির এক গৃহবধূর মধ্যে আলাপ হয় ফেসবুকের মাধ্যমে। সেই পরিচয় ক্রমশ গভীর প্রেমে রূপ নেয় এবং বেশ কিছুদিন আগে ওই দুজনে নিজেদের পরিবার ও সংসার ছেড়ে পালিয়ে যান। তবে এখানেই গল্পের শেষ নয়। তাদের এই পালানোর পর পরিস্থিতির নাটকীয় মোড় নেয়।

বিয়ে ও ভুরিভোজ:
ফালাকাটার ওই ব্যক্তির পরিত্যক্ত স্ত্রী এবং ময়নাগুড়ির গৃহবধূর স্বামীর মধ্যে নতুন করে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। অবাক করার মতো বিষয় হলো, দুই পক্ষই নিজেদের পরিস্থিতির কথা মেনে নেন এবং নতুন সম্পর্কে জড়ানোর সিদ্ধান্ত নেন। বুধবার ধর্মপুরের জোড়পাকড়ি কালীবাড়িতে সামাজিক রীতিনীতি মেনে নতুন করে একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। শুধু বিয়েই নয়, এলাহি ভুরিভোজের আয়োজনও করা হয়েছিল ওই অনুষ্ঠানে।

এলাকায় চাঞ্চল্য:
এই ঘটনা এখন ময়নাগুড়ির টক অফ দ্য টাউন। কেউ কেউ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে বলছেন, “সোশ্যাল মিডিয়ার যুগে সম্পর্কের সংজ্ঞা কি এভাবেই বদলে যাচ্ছে?” এলাকাবাসীর কথায়, “সরকার বা রাজনীতির পালাবদল অনেক শুনেছি, কিন্তু দাম্পত্য জীবনের এমন ‘বউ বদল’ আগে কখনও দেখিনি।”

সোশ্যাল মিডিয়ায় এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বিষয়টিকে অদ্ভুত বলে সমালোচনা করছেন, আবার কেউ কেউ বলছেন, দুই পক্ষই যখন সহমত, তখন তাদের নতুন জীবনে ভালো থাকাটাই আসল। তবে এই ঘটনা যে ময়নাগুড়ির গ্রামীণ জনজীবনে এক বড়সড় চমক তৈরি করেছে, তা বলাই বাহুল্য।