শেয়ার বাজারে রাজত্ব! ঝুনঝুনওয়ালাকেও পিছে ফেলে ১.৮০ লক্ষ কোটির সাম্রাজ্য এই ভারতীয় ইনভেস্টরের!

ভারতীয় শেয়ার বাজারে (Indian Stock Market) এমন কিছু বিশিষ্ট ও ‘মাফিয়া’ বিনিয়োগকারী রয়েছেন, যাঁদের পোর্টফোলিওর দিকে সার্বক্ষণিক নজর থাকে সাধারণ রিটেইল ইনভেস্টরদের। তাঁরা কোন শেয়ার কিনছেন আর কোনটা বিক্রি করছেন, তার ওপর ভিত্তি করেই বাজারে বড়সড় ওঠানামা দেখা যায়। এই ‘বিগ বুল’ বা ধুরন্ধর বিনিয়োগকারীরা সময়ের সাথে সাথে কেবল বিপুল সম্পদই সঞ্চয় করেননি, বরং দাপটের সাথে দালালাল স্ট্রিটে নিজেদের এক অনন্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন।

সম্প্রতি প্রকাশিত ইকোনমিক টাইমসের ‘টপ ইন্ডিয়া ইনভেস্টরস পোর্টফোলিও’ (Top India Investors Portfolio)-র সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে ধনী একক বিনিয়োগকারী হিসেবে তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছেন ডি-মার্ট (D-Mart)-এর প্রতিষ্ঠাতা রাধাকিষাণ দামানি (Radhakishan Damani)। ভারতীয় শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন সংস্থায় তাঁর শেয়ারের মোট মূল্য বর্তমানে ১.৮০ লক্ষ কোটি টাকারও বেশি!

শীর্ষে দামানি, দ্বিতীয় স্থানে ঝুনঝুনওয়ালা পরিবার
রিপোর্ট অনুযায়ী, ‘আর কে দামানি অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর পোর্টফোলিওতে এই মুহূর্তে ১২টি বড় কোম্পানি রয়েছে। সাম্প্রতিক ত্রৈমাসিকে বাজার ওঠানামার কারণে তাঁর পোর্টফোলিওর মূল্য সামান্য হ্রাস পেলেও, দেশের বৃহত্তম ব্যক্তিগত ইক্যুইটি বিনিয়োগকারী (Individual Investor) হিসেবে তাঁর সিংহাসন কেউ কাড়তে পারেনি।

অন্যদিকে, প্রয়াত কিংবদন্তি বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার পরিবার এই তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ‘ঝুনঝুনওয়ালা অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৫০,০০০ কোটি টাকা। তাদের পোর্টফোলিওতে ৩০টিরও বেশি কোম্পানি রয়েছে এবং সবচেয়ে বড় চমক হলো, সাম্প্রতিক ত্রৈমাসিকের মন্দা বাজারেও ঝুনঝুনওয়ালা পরিবারের পোর্টফোলিওর গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী।

হাজার কোটির ক্লাবে আর কারা রয়েছেন?
দামানি বা ঝুনঝুনওয়ালাই শেষ নন, ভারতের আরও কয়েকজন ‘বাজার জাদুকর’ নিজেদের পোর্টফোলিওকে নিয়ে গেছেন আকাশছোঁয়া উচ্চতায়। এক নজরে দেখে নেওয়া যাক দেশের বাকি শীর্ষ বিনিয়োগকারীদের সম্পদের খতিয়ান:

অনুজ শেঠ অ্যান্ড অ্যাসোসিয়েটস: প্রায় ১৪,০০০ কোটি টাকার বিশাল নেটওয়ার্থ নিয়ে অন্যতম শীর্ষস্থানে রয়েছেন তিনি।

মুকুল আগরওয়াল অ্যান্ড অ্যাসোসিয়েটস: শেয়ার বাজারে তাঁর বর্তমান ইনভেস্টমেন্টের মূল্য প্রায় ৭,৮৭৯ কোটি টাকা।

কে মোহন অ্যান্ড অ্যাসোসিয়েটস: দীর্ঘমেয়াদি বিনিয়োগের জোরে তাঁর পোর্টফোলিওর মূল্য এখন ৭,৬০০ কোটি টাকারও বেশি।

আশীষ কাচোলিয়া অ্যান্ড অ্যাসোসিয়েটস: শেয়ার বাজারের ‘স্মল-ক্যাপ’ ও ‘মিড-ক্যাপ’ স্টকের রাজা বলা হয় তাঁকে। মাল্টিব্যাগার স্টক খোঁজার অসামান্য দক্ষতার জেরে তাঁর মোট সম্পদ ৩,২০০ কোটি টাকা ছাড়িয়েছে।

বিজয় কেদিয়া: খুচরো বিনিয়োগকারীদের আইকন এবং বাজারের অত্যন্ত সুপরিচিত মুখ বিজয় কেদিয়ার পোর্টফোলিও মূল্য প্রায় ১,২৮১ কোটি টাকা।

সাধারণ ইনভেস্টরদের জন্য টিপস: বিশেষজ্ঞরা মনে করেন, এই সমস্ত রাঘববোয়ালদের বিনিয়োগের ধরন বিশ্লেষণ করলে বোঝা যায় যে, বাজারের স্বল্পমেয়াদি ওঠানামায় ভয় না পেয়ে ভালো ফান্ডামেন্টাল সম্পন্ন শেয়ারে দীর্ঘমেয়াদে টিকে থাকাই হলো বিপুল সম্পদ (Wealth Creation) তৈরির আসল চাবিকাঠি।