আধার কেন্দ্রে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে? জেনে নিন আপনার তথ্য সংশোধনের আসল খরচ কত

আধার কার্ড আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য পরিচয়পত্র। সঠিক সময় আধার তথ্য আপডেট না থাকলে আটকে যেতে পারে বহু গুরুত্বপূর্ণ কাজ। সম্প্রতি UIDAI-এর নতুন পোর্টাল চালুর ঘোষণার পর অনেকেই আধার সংশোধন নিয়ে দ্বিধায় রয়েছেন। বিশেষ করে সংশোধনের জন্য সঠিক সরকারি মাশুল বা ফি কত, তা নিয়ে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন।

আধার আপডেটের মাশুল তালিকা:

আপনার আধার কার্ডের কোন তথ্য আপডেট করছেন, তার ওপর ভিত্তি করেই নির্ধারিত ফি দিতে হবে:

নাম, লিঙ্গ, জন্মতারিখ, ঠিকানা ও মোবাইল নম্বর: এই ধরনের ডেমোগ্রাফিক তথ্য সংশোধনের জন্য আধার কেন্দ্রে ৭৫ টাকা (জিএসটি অন্তর্ভুক্ত) ফি দিতে হয়। এর বেশি টাকা দাবি করলে সতর্ক হওয়া প্রয়োজন।

বায়োমেট্রিক আপডেট: ফিঙ্গার প্রিন্ট, আইরিশ ও ফটোগ্রাফ আপডেটের জন্য ১২৫ টাকা ফি নির্ধারিত রয়েছে।

শিশুদের জন্য বিশেষ ছাড়: ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। এই বয়সের শিশুদের ক্ষেত্রে আধার কেন্দ্রে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই।

অনলাইন নথি আপডেট: আধারের নথি (Document Update) আপডেটের ক্ষেত্রে কোনো টাকা লাগে না। UIDAI-এর নির্দেশিকা অনুযায়ী, ব্যবহারকারীরা ১৪ জুন, ২০২৭ পর্যন্ত অনলাইনে বিনামূল্যে নথি আপডেট করতে পারবেন।

নতুন আধার এনরোলমেন্ট: আধার কার্ডের নতুন আবেদনের বা এনরোলমেন্টের জন্য কোনো টাকা নেওয়া হয় না। এটি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।

সতর্কতা:
সরকারি নিয়ম অনুযায়ী এই মাশুলগুলো নির্ধারিত। আধার কেন্দ্রে গিয়ে পরিষেবা নেওয়ার সময় এই তালিকা মনে রাখা জরুরি, যাতে কোনোভাবেই আপনাকে অতিরিক্ত টাকা দিয়ে প্রতারিত হতে না হয়। সবসময় নিকটস্থ অনুমোদিত আধার সেবা কেন্দ্র থেকেই আপনার তথ্য আপডেট করুন এবং রসিদ সংগ্রহ করতে ভুলবেন না।