প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা! ধর্মীয় মন্তব্যের জেরে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উসকানিমূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়ের হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়।
কী অভিযোগ দায়ের করা হয়েছে?
অভিযোগকারিনী আইনজীবীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে একাধিকবার জনসভায় বিতর্কিত মন্তব্য করেছেন, যা নির্দিষ্ট একটি ধর্মের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে। আইনজীবীর অভিযোগের মূল ভিত্তি দুটি প্রধান ঘটনা:
‘গন্দা ধর্ম’ সংক্রান্ত মন্তব্য: আইনজীবীর দাবি, রেড রোডের একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্দিষ্ট ধর্মকে উদ্দেশ্য করে ‘গন্দা ধর্ম’ বলে অভিহিত করেছিলেন। আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়ের প্রশ্ন, “যে ধর্ম বিশ্বজুড়ে আদর্শ হিসেবে পরিচিত, তাকে এভাবে অপমান করার অধিকার কে দিল?”
নির্বাচনী প্রচারে বিতর্কিত দাবি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমি আছি বলেই একটা বিশেষ সম্প্রদায় তোমাদের ১২টা বাজাচ্ছে না।” আইনজীবীর অভিযোগ, এই ধরণের বক্তব্য সাম্প্রদায়িক মেরুকরণকে উসকে দেয় এবং এক সম্প্রদায়কে ভয় দেখিয়ে অন্য সম্প্রদায়কে তোষণ করার ইঙ্গিত দেয়। তিনি নিজেকে একজন হিন্দু ভোটার হিসেবে এই ধরনের বক্তব্যে আতঙ্কিত ও লজ্জিত বোধ করছেন বলে জানিয়েছেন।
আইনি ধারা ও পদক্ষেপ
অভিযোগকারিনীর দাবি, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন তিনি এই বিষয়ে অভিযোগ জানাতে গেলেও তা গ্রহণ করা হয়নি। সম্প্রতি নতুন সরকার ক্ষমতায় আসার পর তিনি পুনরায় পুলিশি দ্বারস্থ হন। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হয়েছে:
সেকশন ৩৫১: অপরাধমূলক ভীতি প্রদর্শন।
সেকশন ৩৫২: শান্তি ভঙ্গের উদ্দেশ্যে প্ররোচনা।
সেকশন ৩৫৩: জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা ও ঘৃণা ছড়ানো।
সেকশন ৩৫৪: ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা।
সেকশন ৩৫৬: ফৌজদারি মানহানি।
সেকশন ২৯৯: ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননা।
এই মামলাটি বর্তমানে আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে। রাজনৈতিক মহলের মতে, ক্ষমতার পরিবর্তনের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক আইনি অভিযোগের এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি করেছে।