মদ-মুক্ত শিক্ষা ও ধর্মস্থান! নতুন নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেআইনি নির্মাণ ভাঙা এবং দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর অভিযানের পর, এবার মদ বিক্রির লাইসেন্স নিয়ে বড়সড় নির্দেশ দিলেন তিনি। মঙ্গলবার তিন জেলাকে নিয়ে আয়োজিত এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আশেপাশে কোনো মদের দোকান রাখা যাবে না।
নতুন নির্দেশে কী থাকছে?
প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমরা আগেই ঠিক করেছিলাম যে, স্কুল, কলেজ এবং মন্দিরের এক কিলোমিটারের মধ্যে মদের দোকানের কোনো লাইসেন্স দেওয়া যাবে না। আমাদের সরকার অন্যভাবে চলবে।” অর্থাৎ, জনমানস ও ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই নতুন নিয়ম কঠোরভাবে কার্যকর করতে চলেছে প্রশাসন। এর ফলে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা বজায় থাকবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
‘আইনের শাসন’ প্রতিষ্ঠায় বার্তা
কালীগঞ্জের মৃত শিশু তামান্নার বিচার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন অত্যন্ত কঠোর অবস্থানে ছিলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই আমাকে মুখ্যমন্ত্রী করেছেন। তামান্নাও ন্যায়বিচার পাবে। আমরা স্পষ্ট বলেছি, এখানে শাসকের আইন চলবে না, চলবে আইনের শাসন।”
রাজনৈতিক সৌজন্যের বার্তা
শুধুমাত্র প্রশাসনিক কড়াকড়ি নয়, এদিন রাজনৈতিক সৌজন্যের বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের নিয়ে আয়োজিত বৈঠকে তিনি বলেন, “আমি চাই, শুধু ভোটের সময় রাজনৈতিক কচকচানি হোক, সারাবছর গঠনমূলক আলোচনা হোক।” শাসক ও বিরোধী নির্বিশেষে সবাইকে উন্নয়নের কাজে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই শুভেন্দু অধিকারী রাজ্যের বেআইনি কার্যকলাপ, তোলাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। একের পর এক কাউন্সিলরের গ্রেফতারি ও বেআইনি নির্মাণ ভাঙার অভিযানের পর, মদের দোকান নিয়ে এই সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।