“বরুণ সলমন হতে পারবে না!” রিমেক গানে ক্ষুব্ধ অভিজিৎ, তোপ দাগলেন অভিনেতাকে

মুক্তির আগেই বড়সড় বিতর্কের মুখে ডেভিড ধাওয়ানের আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। সলমন খান ও সুস্মিতা সেন অভিনীত ১৯৯৯ সালের আইকনিক হিট গান ‘চুনেরি চুনেরি’-র রিমেক ব্যবহার করায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বরুণ ধাওয়ান, ম্রুণাল ঠাকুর ও পূজা হেগড়ে। শুধু নেটপাড়াই নয়, এই রিমেক ভার্সন নিয়ে বেজায় চটেছেন মূল গানে কণ্ঠ দেওয়া জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

কী বললেন অভিজিৎ?
এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ স্পষ্ট ভাষায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর মতে, সলমন খানের ক্যারিয়ারের অন্যতম সেরা গান ছিল এটি। গায়কের কথায়, “বরুণ ধাওয়ান কেবল সেকেন্ড-হ্যান্ড বা পুরনো সিনেমার রিমেক করেই চলেছেন। বিশেষ করে বাবার (ডেভিড ধাওয়ান) পরিচালিত ছবি এবং হিট গানগুলো ব্যবহার করা তাঁর অভ্যাসে দাঁড়িয়েছে। কিন্তু বরুণ পর্দায় আমার গান গাইলেও, তিনি কোনোদিনই সলমন খান হয়ে উঠতে পারবেন না। দু’জনের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে।”

“গানটি যেন ভজন!”
রিমেকটির সংগীতায়োজন ও সুর নিয়ে কটাক্ষ করে অভিজিৎ আরও বলেন, “মূল গানটি ছিল একটি রোমান্টিক প্রেমের গান। অথচ এই রিমেকটি শুনতে অনেকটা ভজনের মতো লাগছে!”

নির্মাতাদের প্রতি ক্ষোভ
অভিজিৎ জানান, এই গানটি তৈরির আগে নির্মাতারা তাঁর সঙ্গে কোনো রকম যোগাযোগই করেননি। গায়কের সাফ কথা, “যদি তাঁরা যোগাযোগ করতেনও, তবুও এই প্রজেক্ট নিয়ে আমি দ্বিতীয়বার ভাবতাম। আমি খুশি যে আমি এই রিমেকটি করিনি, করলে আমার জনপ্রিয় গানের মান ক্ষুণ্ণ হতো।”

বিতর্কের কেন্দ্রে নতুন ভার্সন
মঙ্গলবার মুক্তি পাওয়া এই গানে কণ্ঠ দিয়েছেন আইপি সিং, জোনিতা গান্ধি, আসিস কৌর, সুধীর যদুবংশী ও অনুরাধা শ্রীরাম। সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন অক্ষয় রাহেজা ও অভিষেক সিং। কোরিওগ্রাফিতে ছিলেন রেমো ডি’সুজা। নেটপাড়ায় অনেকেই নতুন এই ভার্সনটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

আগামী ৫ জুন বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ডেভিড ধাওয়ান পরিচালিত এই সিনেমাটির। এখন দেখার বিষয়, মুক্তির পর দর্শক এই রিমেককে কীভাবে গ্রহণ করেন।