মা ক্যান্টিনে এবার মাছ-ভাত! ৫ টাকায় মিলবে কব্জি ডুবিয়ে খাওয়া, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের মসনদ পরিবর্তনের পর এবার বদলাতে চলেছে জনমুখী প্রকল্পের ধাঁচ। ‘মা ক্যান্টিন’-এ এবার সাধারণ মানুষের পাতে পড়বে মাছ-ভাত। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, খুব শীঘ্রই রাজ্যের প্রায় ৪০০টি মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন করে ৫ টাকার বিনিময়ে মাছ-ভাত পরিবেশন করা হবে।

এতদিন মা ক্যান্টিনে ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি এবং ডিমের ঝোল দেওয়া হতো। বাঙালির পাতে মাছের প্রিয়তাকে গুরুত্ব দিয়েই এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি এবং এটি কার্যকর করতে চলেছি। আমাদের যে ৩৬৭টি মা ক্যান্টিন রয়েছে, সেখানে সপ্তাহে দুদিন করে মাছ খাওয়ানো হবে। খরচ পড়বে সেই ৫ টাকাই।”

পাশাপাশি, রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাপনায় আরও এক বড় পরিবর্তনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু থাকা ‘মুখ্যমন্ত্রীকে বলো’ কর্মসূচিটি এবার বন্ধ করে দেওয়া হচ্ছে। এর পরিবর্তে আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে নতুন কর্মসূচি—‘আপনার সরকারকে বলুন’

এই কর্মসূচির নামকরণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের পরামর্শে এই নাম ঠিক করা হয়েছে। আমি সেই নাম গ্রহণ করেছি।” আগের সরকারের হেল্পলাইনের মতোই এই নতুন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ তাদের অভাব-অভিযোগ সরাসরি সরকারের কাছে জানাতে পারবেন।

সরকার বদলালেও সাধারণ মানুষের পরিষেবা নিশ্চিত করাই যে মূল লক্ষ্য, সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, মা ক্যান্টিনের মেনুতে মাছের সংযোজন এবং নতুন জনসংযোগ কর্মসূচি চালুর মাধ্যমে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছাতে চাইছে বর্তমান সরকার।