শুটিং ফ্লোরে চোট, দীর্ঘ লড়াইয়ের পর অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ফিরেই আবেগপ্রবণ জোজো মুখোপাধ্যায়

দীর্ঘদিন পায়ের যন্ত্রণায় ভুগছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী জোজো মুখোপাধ্যায়। শুটিং ফ্লোরে দুর্ঘটনার কবলে পড়ে পাওয়া চোটকে অবহেলা করেই একের পর এক কাজ চালিয়ে গিয়েছেন তিনি। কিন্তু শেষমেশ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ওষুধ বা ইনজেকশনেও মিলছিল না সুরাহা। অবশেষে চিকিৎসকদের পরামর্শে গত ২০ মে হাসপাতালে ভর্তি হন শিল্পী এবং অস্ত্রোপচার করা হয় তাঁর।
দীর্ঘ চারদিনের হাসপাতাল পর্ব শেষে বাড়ি ফিরেছেন জোজো। তবে বাড়ি ফেরার পথটি ছিল তাঁর কাছে অত্যন্ত শিক্ষণীয় এবং আবেগঘন। সমাজমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে শিল্পী লেখেন, “এতদিন বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার সময় পাইলট পুলিশ কারের সাইরেন বেজেছে। কিন্তু এদিন অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে শুনতে বাড়ি ফেরার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। এই মুহূর্তটিতেই জীবনের বাস্তব ছবিটা যেন অন্যভাবে ধরা দিল।”
দীর্ঘ কয়েকদিন পর নিজের আপন ঠিকানায় ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জোজো। তাঁর ফেসবুক পোস্টে উঠে এসেছে ছেলে আদি এবং প্রিয় পোষ্য বাজোর কথা। বাড়ি ফিরে তাদের কাছে পেয়েই আপ্লুত গায়িকা। তিনি জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে অনুরাগীদের মাঝে আড্ডায় ফিরতে চান তিনি। জোজোর এই পোস্টের নিচে দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন লোপামুদ্রা মিত্র, দেবব্রত দাশগুপ্তের মতো তারকা থেকে শুরু করে অসংখ্য অনুরাগী। লোপামুদ্রা লিখেছেন, “তুই লড়াকু মেয়ে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ।”
তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না শিল্পী। চিকিৎসকদের কড়া নির্দেশ—আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। এমনকী হাঁটার অনুমতিও পাননি তিনি। জানা গেছে, সম্প্রতি ছেলে আদির অসুস্থতা নিয়েও বেশ উদ্বেগে ছিলেন জোজো। ১৩ মে ছেলের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। সেই উদ্বেগ কাটতে না কাটতেই নিজের অস্ত্রোপচারের খবরে স্বভাবতই চিন্তিত জোজোর পরিবার ও ভক্তমহল। এখন কেবল শিল্পীর দ্রুত আরোগ্যের অপেক্ষায় সকলে।