নাম ‘ডোনাল্ড ট্রাম্প’! চুলের স্টাইল দেখে অবাক নেটপাড়া, বাংলাদেশের এই মোষ এখন সুপারহিট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো চুলের ছাঁট! আর সেই কারণেই বাংলাদেশের নারায়ণগঞ্জের এক খামারের মোষ এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘সেলিব্রেটি’। বকরি ইদ উপলক্ষে কুরবানির জন্য প্রস্তুত হওয়া এই মোষটির নামও রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
কেন এই অদ্ভুত নাম?
মোষের মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, এর গায়ের রঙ সোনালি এবং মাথার সামনের দিকে ঝুঁকে থাকা চুলের স্টাইল হুবহু ডোনাল্ড ট্রাম্পের মতো। খামারে বেড়াতে আসা বন্ধুদের একটি দল মজা করে এই নাম রাখার পর থেকেই তা ভাইরাল হয়ে যায়। এমনকী, শুধু ট্রাম্প নয়, এই খামারে রয়েছে আরও চমকপ্রদ সব নামের প্রাণী:
নেইমার: সোনালি চুল ব্লিচ করা একটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ব্রাজিলিয়ান তারকার নামে।
নেতানিয়াহু: একটি আক্রমণাত্মক স্বভাবের মোষের নাম রাখা হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর নামে।
তুফান ও সুইট বয়: স্বভাব অনুযায়ী ষাঁড়দের নাম দেওয়া হয়েছে এমন অদ্ভুত সব নাম।
আন্তর্জাতিক চর্চায় বাংলাদেশের মোষ
এই মোষটিকে নিয়ে এতটাই চর্চা হচ্ছে যে, ‘ইরান ইন রাশিয়া’ নামক এক্স (X) অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে রসিকতা করে লেখা হয়েছে, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করে বাংলাদেশের মোষটি মনে হয় মন খারাপ করেছে।”
কত দামে বিক্রি হলো ‘ট্রাম্প’?
প্রায় ১৫০০ পাউন্ড ওজনের এই মোষটি ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। প্রতি কেজি জীবিত ওজনের দাম ৫৫০ টাকা ধরে মোট প্রায় ৩.৫ থেকে ৩.৮৫ লক্ষ টাকায় (বাংলাদেশি টাকা) এটি কিনেছেন ঢাকার জিঞ্জিরার বাসিন্দা মোহাম্মদ শোরান। মালিক জিয়া উদ্দিন মৃধা জানিয়েছেন, গত এক বছর ধরে যত্ন নেওয়ায় এই মোষটির প্রতি তাঁর একটি আলাদা টান তৈরি হয়েছে। তবে কুরবানির ধর্মের প্রকৃত উদ্দেশ্য মেনেই তিনি এটিকে ক্রেতার হাতে তুলে দিয়েছেন।