বিয়ে কবে? প্রশ্ন শুনে মুচকি হাসলেন সুস্মিতা! সাহেব-সুস্মিতার রোম্যান্টিক ছবি ঘিরে নেটদুনিয়ায় শোরগোল

‘কথা’ ধারাবাহিকের সেট থেকে শুরু হওয়া বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-র প্রেম এখন টলিপাড়ার অন্যতম চর্চিত বিষয়। মাঝেমধ্যেই তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট বা বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি প্রমাণ করে দেয় তাঁদের সম্পর্কের গভীরতা। আর এবার, একদম ‘বলিউডি’ কায়দায় এক ঘনিষ্ঠ ফটোশুটের ছবি শেয়ার করে অনুরাগীদের চমকে দিলেন এই তারকা যুগল।
ভাইরাল ফটোশুট:
বৃহস্পতিবার মধ্যরাতে সাহেব ভট্টাচার্য নিজের সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। সেখানে ‘রামলীলা’ ছবির বিখ্যাত গান ‘অঙ্গ লাগা দে’-এর প্রসঙ্গ টেনে ক্যাপশন লিখেছেন সাহেব। লাল শাড়িতে সুস্মিতা ও সাদা পাঞ্জাবিতে সাহেব—দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের এই ছবি দেখে অনুরাগীরা রীতিমতো মুগ্ধ। দু’জনের রসায়ন ও শরীরী উষ্ণতা এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।
কী বললেন সুস্মিতা?
এই ছবি ও ফটোশুট নিয়ে সুস্মিতা হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, “ফটোশুটটি অনেক আগেই করা হয়েছিল। তবে এডিট করার পর গানটির সঙ্গে ছবিগুলো এত সুন্দর মানিয়ে গেছে যে, মনে হচ্ছে যেন গানটির ভাইবস মাথায় রেখেই এটি তোলা। এটি শুধুই একটি ফটোশুট, নতুন কোনো প্রোজেক্ট নয়।”
পর্দায় ফেরা ও বিয়ের প্রশ্ন:
‘কথা’ ধারাবাহিকের পর সুস্মিতাকে ছোটপর্দায় দেখা না যাওয়ায় ভক্তরা কিছুটা হতাশ ছিলেন। এ প্রসঙ্গে অভিনেত্রী জানালেন, “এখনই কোনো মেগা সিরিয়াল করছি না ঠিকই, তবে শীঘ্রই টেলিভিশনে ফেরার পরিকল্পনা আছে। আপাতত থিয়েটারের কাজ ও নতুন ওয়েব সিরিজ ‘কুহেলি’-র সাফল্যে আমি বেশ ব্যস্ত।”
সবশেষে এল বহু প্রতীক্ষিত সেই প্রশ্ন—বিয়ের পরিকল্পনা কী? সম্পর্ক নিয়ে খোলামেলা থাকলেও বিয়ের দিনক্ষণ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নায়িকা। সুস্মিতার কথায়, “সেটা এখন বলা যাবে না, ক্রমশ প্রকাশ্য।” অর্থাৎ, বিয়ের বিষয়টি নিয়ে এখনও রহস্য জিইয়ে রাখলেন এই জনপ্রিয় জুটি।
পেশাগত সাফল্য এবং ব্যক্তিগত জীবনের মিষ্টি প্রেম—সব মিলিয়ে সাহেব ও সুস্মিতা বর্তমানে যে একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন, তা তাঁদের এই সাম্প্রতিক ছবিগুলোই স্পষ্ট করে দিচ্ছে।
View this post on Instagram