“মৌখিক পরীক্ষায় নম্বর কমবে…”-OMR-এর কার্বন কপি নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

রাজ্যে কর্মসংস্থান ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার শিয়ালদায় আয়োজিত ১৯তম রোজগার মেলায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন এবং আগামী দিনে নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন।
নিয়োগ নীতিতে বড় বদল: মুখ্যমন্ত্রী এদিন জানান, দুর্নীতি ও স্বজনপোষণ রুখতে নিয়োগ প্রক্রিয়ায় কড়া নজর দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর আধিকারিকদের জিজ্ঞাসা করেছিলাম কীভাবে পরীক্ষা হয়। এখন থেকে ওএমআর (OMR) পদ্ধতিতে পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার্থীকে কার্বন কপি দেওয়া হবে।”
মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমান নিয়োগ পদ্ধতিতে মৌখিক পরীক্ষায় যে অতিরিক্ত নম্বর রাখার চল রয়েছে, তা সংশোধন করা হবে। তাঁর কথায়, “মৌখিক পরীক্ষায় নম্বর কম হওয়া উচিত। লিখিত পরীক্ষা ও অ্যাকাডেমিক স্কোরের ওপর গুরুত্ব বাড়িয়ে মৌখিক পরীক্ষার নম্বর কমানোর বিষয়ে আমরা ভাবনাচিন্তা করছি।”
পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তোপ: রাজ্যের প্রাক্তন সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি এবং সংবিধান না মানার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের অনেক বদনাম হয়েছে। পশ্চিমবঙ্গকে নিয়ে দেশবাসীর যে আশা ছিল, তা আগের সরকার পূরণ করতে পারেনি। আমরা সেই ভাবমূর্তি স্বচ্ছ করতে বদ্ধপরিকর।”
রেল প্রকল্পে ‘ডবল ইঞ্জিনের’ গতি: এদিন মঞ্চ থেকে রেল প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব রাজ্যে ৬১টি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছেন। জমি সংক্রান্ত জটিলতার কারণে যে কাজগুলি আটকে ছিল, তা দ্রুত নিষ্পত্তির জন্য নির্দিষ্ট দফতরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “হিলির কাজ প্রায় শেষ। জোকা-দমদম মেট্রো প্রকল্পের জটিলতাও মিটিয়ে ফেলা হয়েছে। ডবল ইঞ্জিনের সরকার বাংলার মানুষের উন্নয়নে হাইস্পিডে ছুটবে।”
রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা: মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে রাজ্যস্তরের সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে OMR কার্বন কপি দেওয়ার সিদ্ধান্ত চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল, যা পূরণ হওয়ায় বিতর্ক কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।